শিল্পকলায় দু’দিনব্যাপী প্রথম ‘পাঠাভিনয় উৎসব’
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাঠাভিনয় উৎসব’।
দেশের অন্যতম নাট্যসংগঠন লোক নাট্যদলের উদ্যোগে ২৮ ও ২৯ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ১৬টি নাট্যদলের ১৬ নাটকের নির্বাচিত অংশ পাঠ করবেন থিয়েটার অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীরা।
লোক নাট্যদলের কর্ণধার লিয়াকত আলী লাকী জানান, ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যজন সারা যাকের এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি নিজেই।
উৎসবের প্রথম দিন (২৮ জুলাই) যে নাটকগুলো পাঠ করা হবে- লোক নাট্যদলের ‘হেলেন’, ঢাকা থিয়েটারের ‘হরগজ’, অনুশীলন নাট্যদলের ‘হত্যার শিল্পকলা’, আরণ্যক নাট্যদলের ‘দি জুবলী হোটেল’, রংপুর নাট্যকেন্দ্রের ‘মেরাজ ফকিরের মা’, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের ‘ক্রীতদাসের হাসি’, মণিপুরি থিয়েটারের ‘রুধিররঙ্গিণী’ এবং শব্দাবলী গ্রুপ থিয়েটারের ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’।
দ্বিতীয় দিনে (২৯ জুলাই) পাঠাভিনয় শুরু হবে সন্ধ্যা ৭টায়। ঐদিন থাকছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘হ্যামলেট’, থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, সময়-এর ‘শেষ সংলাপ’, প্রাচ্যনাটের ‘দি জু স্টোরি’, মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’, নাট্যচক্রের ‘মৃত্যুক্ষুধা’, ঢাকা পদাতিকের ‘কথা ৭১’ এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ওপেন কাপ্ল’।
