ভারত ঘুরছে বাংলাদেশের ছবি
টানা ছয়মাস ধরে ভারতের বিভিন্ন শহরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের ছবি ।এখন হচ্ছে গৌহাটিতে, এর পর হবে হায়দ্রাবাদে এবং দক্ষিণ ভারতের আরো কয়েকটি শহরে ।
শুরুটা হয়েছিলো কলকাতার নন্দনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। সেই উৎসব কলকাতা পেরিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ঘুরে ভারতের মুম্বাইও গিয়ে পৌঁছেছে। স্থানীয় চলচ্চিত্রসংগঠনগুলোকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনের এই উদ্যোগ নিয়েছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ইন্ডিয়া।
তারই ধারাবাহিকতায় জুলাই ও আগস্টে আসামের গৌহাটিতে স্থানীয় গৌহাটি সিনে ক্লাবের সহযোগিতায় প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের ৯টি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হলো, নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’, আবু সাইয়ীদ নির্মিত ‘কিত্তনখোলা’, মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’, আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’, আহসান কবীর লিটন পরিচালিত 'প্রত্যাবর্তন', রুবাইয়াত হোসেন পরিচালিত 'আন্ডার কন্সট্রাকশন', তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী’, খন্দকার সুমন পরিচালিত ‘পৌন:পুনিক’ এবং শবনম ফিরদৌসী পরিচালিত তথ্যচিত্র 'ভাষাজয়িতা'।
উৎসবটি প্রসঙ্গে শুক্রবার কলকাতা থেকে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ইন্ডিয়ার কাউন্সিল মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার গ্লিটজকে বলেন, “২১শে ফেব্রুয়ারি নন্দন-এ এই উৎসবের সূচনা হয়েছিল। তারপর অনেক শহরে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে, যেমন জামশেদপুর, বহরমপুর, শিলিগুড়ি, মুম্বাই ইত্যাদি। এখন হচ্ছে গৌহাটিতে, এর পর হবে হায়দ্রাবাদে এবং দক্ষিণ ভারতের আরো কয়েকটি শহরে।”
উৎসবের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রেমেন্দ্র মজুমদার। বাংলাদেশের চলচ্চিত্রগুলো কিসের ভিত্তিতে বাছাই করা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতে দেখানো হয় নি এমন ছবিগুলিই তারা বেছে নিয়েছেন প্রদর্শনের জন্য।
তিনি জানান, উদ্বোধনে এসেছিলেন মোর্শেদুল ইসলাম, মুনিরা মুন্নি, তসমিয়া আফরিন মৌ, শবনম ফিরদৌসী, আহসান কবীর লিটন, খোন্দকার সুমন, নুরুল আলম আতিক, আমিতাভ রেজা চৌধুরী সহ আরো অনেকে। মোর্শেদুল ইসলাম, মুনিরা মুন্নি বহরমপুরেও গিয়েছিলেন।
