২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের প্রশংসায় পঞ্চমুখ সুনীল শেঠি তনয়া

সালমানের হাত ধরে বলিউডের রুপালি দুনিয়ায় আবির্ভাব ঘটে সুনীল শেঠি তনয়া আথিয়া শেঠির। ২৮ জুলাই মুক্তি পাচ্ছে আথিয়ার দ্বিতীয় সিনেমা ‘মুবারকান’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 08:24 PM

Updated : 12 Apr 2022, 12:01 AM

নিজেকে তারকা সন্তান বলে মানতে নারাজ সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। শুধু তাই নয় ‘তারকা-সন্তান’ এই শব্দে নিজেকে পরিচিত করতে এমদমই রাজি নয় ২৪ বছর বয়সী এ নবাগত অভিনেত্রী। ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। সালমান খানই তাকে পরিচালক নিখিল আদভানি’র সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাই সালমানকেই নিজের গুরু বলে মানছেন এ তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে আথিয়া বলেন, “সালমান স্যারের কারণেই আজ আমি সিনেমায় অভিনয় করছি। তিনি আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি আমার গুরু। সব সময় চাই আমার কাজ দিয়ে তাকে খুশি করতে। তাকে গর্বিত দেখতে আমার খুবই ভালো লাগবে।”

আনিস বাজমী’র রোমান্টিক কমেডি ‘মুবারকান’ প্রসঙ্গে তিনি বলেন, “মুবারকান আমার দ্বিতীয় সিনেমা। আমি যখন এ ছবির জন্য প্রস্তাব পাই, আমার বিশ্বাস হচ্ছিলো না। ইলিয়ানা ডি’ক্রুজ, অর্জুন কাপুরের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। বিশেষ করে অনিল কাপুরের মতো সিনিয়র অভিনেতা যেভাবে আমাকে সাহায্য করেছেন সব সময় মনে থাকবে।”

বাবা সুনীল শেঠি’কে নিয়ে আথিয়া বলেন, “আমার বাবা এখনও যেমন সুদর্শন ও তরুণ, আমাকে তার মেয়ে বলে কেউ বিশ্বাস করবে না! বাবাকে বলতে চাই, তুমি অনেক ফিট আছো সেটা খুবই ভালো কথা। কিন্তু একটু তো বুড়ো হতে পারো! অন্তত মেয়ে হিসেবে তোমার পাশে যাতে আমাকে মানায়!”

‘মুবারকান’ সিনেমায় অর্জুন কাপুরের বিপরীতে বিংকি নামের এক পাঞ্জাবী তরুণীর চরিত্রে দেখা যাবে আথিয়াকে। এতে অর্জুন কাপুরের চাচার চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর।