শাকিবকে সতর্ক করে চিঠি পাঠালো শিল্পী সমিতি
চিঠি পাঠিয়ে চিত্রনায়ক শাকিব খানকে সতর্ক করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। সিনিয়র শিল্পীদের ব্যাপারে অশালীন বক্তব্য দেয়ার অভিযোগ তুলে তাকে চিঠি পাঠানো হয়েছে।
শাকিব খান-চলচ্চিত্র শিল্পী সমিতির দৈরথ এখন তুঙ্গে। গত কয়েকমাস ধরেই চলছে বাকযুদ্ধ। কখনো শাকিব ইন্ডাস্ট্রিকে তুলোধুনো করছেন। কখনো আবার শিল্পী সমিতি বয়কটের খাতার শাকিবের নাম টুকে রাখছে। তারই ধারাবাহিকতায় আবারও শাকিবকে সতর্ক করে চিঠি পাঠালো শিল্পী সমিতি।
কারণ? সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান জানালেন, “সিনিয়রদের ব্যাপারে অশালীন বক্তব্য দেয়ার কারণেই তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।”
শাকিবের ঠিকানায় সমিতি থেকে ২২ জুলাই চিঠিটি পাঠানো হয়েছে।
কিছুদিন আগেই শাকিব খানের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল চলচ্চিত্র ঐক্যজোট।
জোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বিষয়টি নিয়ে গ্লিটজকে বলেছিলেন, “তার সঙ্গে আমরা আর কাজ করব না। এই মুহূর্তে ১৬টি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা তার সঙ্গে কোনো প্রকার কাজ করবে না। এমনকি ক্যামেরাম্যান থেকে শুরু করে মেকআপ ম্যান পর্যন্ত তার সঙ্গে কাজ করবে না।”
বয়কটের খড়গ মাথায় নিয়েও ‘আমি নেতা হবো’সহ পাঁচটির মতো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।
