জয়ার মতো শক্তিশালি অভিনেত্রী কমই দেখেছি: বিদ্যা বালন
জয়া আহসানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেত্রী বিদ্যা বালন।
শুরুটা সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’ দিয়ে, এবার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ভালোবাসার শহর’ দেখে জয়ার প্রশংসায় ভাসলেন বিদ্যা বালন। কলকাতার এবেলা পত্রিকা জানাচ্ছে ছবিটি মুম্বাইয়ের নিজ বাড়িতে বসেই দেখেছেন বিদ্যা।
ছবিটি দেখার প্রতিক্রিয়া জানাতে গিয়েই এলো জয়ার অভিনয় প্রসঙ্গ। বিদ্যা বালন বললেন, “অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছে জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের উপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে এল অন্ধকার। যুদ্ধের সময়ে নিরুদ্দিষ্ট স্বামী, মৃতপ্রায় ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী অসমসাহসী লড়াই দেখাল ‘ভালবাসার শহর’, বলে বোঝানোর ক্ষমতা নেই আমার! কী অভিনয় করে দেখালেন জয়া! ”
বিদ্যা আরও বলেন, “জয়ার অভিনয় আমি দেখেছি ‘রাজকাহিনী’ ছবিতে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি। জযার জন্যে আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।”
শুধু জয়াই নয়, বিদ্যা জানালেন, বাংলা নিয়ে তার আবেগের কথাও।
তিনি বলেন, “বাংলা আমার দ্বিতীয় ভাষা। ‘ভালবাসার শহর’ দেখার ইচ্ছেটা সেই ভাষার জন্যে ভালবাসা থেকেই। ছবিটি দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চুপ করে বসেছিলাম। ভেতরে ভেতরে চলছিল একটা তীব্র অস্থিরতা। এ কোন পৃথিবীর দৃশ্য দেখলাম আমি! যুদ্ধবিধ্বস্ত হোমস শহরের ছবি আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। আমরা এখনও কতখানি অজ্ঞতা, কত দুর্বল স্মৃতি নিয়ে বসবাস করি এই পৃথিবীর বুকে। ভাবি, নিজেরা নিরাপদ থাকলেই যথেষ্ট!”
‘ভালোবাসার শহর’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার। ৩০ জুন চলচ্চিত্রটি অন্তর্জালে মুক্তি পায়।
