২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ভারতের পতাকা ওড়াবেন ঐশ্বরিয়া

ভারতের ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফেডারেশন স্কয়ার বিল্ডিঙে ১২ আগস্ট নিজ দেশের পতাকা ওড়াবেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নের অংশ হিসেবে এই সম্মানজনক পতাকা উত্তোলনের কাজে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 09:26 PM

Updated : 11 Apr 2022, 11:58 PM

চলচ্চিত্র উৎসবটির ইতিহাসে প্রথম নারী হিসেবে ভারতের তেরঙা পতাকা উঁচিয়ে ধরবেন ঐশ্বরিয়া। চলতি বছরের ১০ থেকে ২২ আগস্ট চলবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন।

এ ব্যাপারে চলচ্চিত্র উৎসবটির পক্ষ থেকে এক বিবৃতিতে এর পরিচালক মিতু ভৌমিক-লাঞ্জে বলেন, “ভারতের অন্যতম জনপ্রিয় ও আইকনিক অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে আমন্ত্রণ জানাতে পেরে আইএফএফএম গর্বিত। অস্ট্রেলিয়ায় ভারতের সিনেমা উদযাপনের জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”

১৩ দিনের এই উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে অলঙ্কৃতা শ্রীবাস্তবের ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’র। নারী স্বাধীনতা নিয়ে নির্মিত এই সিনেমাটি এর আগে আটকা পড়েছিল ভারতের সেন্সরবোর্ডে।

এবারের আসরের অতিথি হয়ে আরও আসবেন করণ জোহর, রবীনা ট্যান্ডন, সিমি গারওয়াল, কঙ্কণা সেন শর্মা, মালাইকা অরোরা, রাহুল বোস, রাজকুমার রাও, নির্মাতা নিতেশ তিওয়ারি, সুজিত সরকার ও তন্নিষ্ঠা চ্যাটার্জী।