‘অস্কার অ্যাকাডেমিতে জায়গা পেয়ে আমি গর্বিত’
সম্প্রতি ঘোষিত অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্স-এর নতুন সদস্যমন্ডলীতে স্থান পেয়ে দারুণ উচ্ছ্বসিত ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। টুইটারে এবার জানালেন নিজের প্রতিক্রিয়া।
গত কয়েক বছরে পুরস্কার প্রদানে বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত হয়ে আসছিল অস্কার কর্তৃপক্ষ। সেই দুর্নাম ঘোচাতেই এবার বিশ্বের ৫৭টি দেশ থেকে ৭৭৪ জনকে অ্যাকাডেমির সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে তারা। এই তালিকায় ছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামও।
টুইটারে এবার এই ঘটনার প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানালেন দীপিকা পাড়ুকোন। তিনি লিখেছেন, “অস্কার অ্যাকাডেমির সদস্যপদ পেয়ে গর্বিত। #ক্লাসঅফ২০১৭।”
দীপিকার সঙ্গে সদস্যপদ পেয়েছেন আরেক ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অ্যাকাডেমির প্রতি আমি কৃতজ্ঞ বিশ্বের নানা প্রান্ত থেকে বৈচিত্রময় সদস্যদের তাদের সঙ্গে যুক্ত করার জন্য। অ্যাকাডেমির সদস্য হলে তারা আমাদের কাছে আমাদের মতামত জানতে চাইবে। আমি নিজের দাবির বিষয়ে খুবই পরিষ্কার। আমার মনে হয় বাইরের সিনেমাগুলির জন্য বিদেশি ভাষার সেরা সিনেমার ক্যাটাগরি ছাড়াও অ্যাকাডেমির আরও উদার হওয়া উচিৎ।”
অ্যাকাডেমির এই সদস্যপদ চলতি বছরে আরও পেয়েছেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আমির খান, ইরফান খান, নির্মাতা গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং সালমান খান।
