২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমিদারের বাঈজি যখন মৌটুসী

নির্মিত হচ্ছে ধারাবাহিক ‘উথাল তরঙ্গ’। নাটকে বাঈজির চরিত্রে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 07:34 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

নীরিক্ষাধর্মী চরিত্রে প্রায়ই দেখা মিলছে মৌটুসীর। এবার ধারাবাহিক নাটক ‘উথাল তরঙ্গ’তে তেমনই এক চরিত্রে দেখা মিলছে তার। “নবাব বাড়ির গল্প, চরিত্র বাঈজির, কিন্তু তার একটা অভিসন্ধি আছে। খুব পলিটিক্যাল চরিত্রটা।”-এমন করেই ‘তিনুবাঈ’ চরিত্রটিকে বর্ণনা করলেন মৌটুসী।

হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় অসীম গোমেজের পরিচালনায় সম্প্রতি ফরিদপুরের অদূরে গোয়ালন্দ রাজবাড়িতে নির্মিত হচ্ছে নাটকটি। ইতিমধ্যেই এর ১৩ পর্ব নির্মিত হয়েছে। নাটকের স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নাটকে নিজের ফার্স্টলুকটা দেখালেন মৌটুসী নিজেই।

সেই সূত্রেই নির্মাতা অসীম গোমেজের সঙ্গে আলাপ। তিনি বললেন, “নাটকটির প্রেক্ষাপট ১৯২৫ থেকে ১৯৩০ এর দিকে, যখন হিন্দু জমিদারি থেকে মুসলমান জমিদারিত্বের সূচনা হলো। সে সময়টাতে জমিদারি নিয়ে ভাইয়ে ভাইয়ে অন্তর্দ্বন্দ্ব থেকে শুরু হয় নাটকের গল্প। কিন্তু মূল দ্বন্দ্বটা বরাবরের মতোই রায়তের সঙ্গেই থাকে। নাটকে জমিদার হিসেবে আমরা দেখতে পাবো তারিক আনাম খানকে। তার ছোটভাই হিসেবে অভিনয় করেছেন পাভেল আজাদ। নাটকে রায়তের প্রতিনিধি হিসেবে গুপ্তচরবৃত্তি করেন মৌটুসী। তার চরিত্রটা বাঈজির।”

নির্মাতা জানান, নাটকের শেষ টানবেন তিনি ১৯৭১-এ এসে। জমিদারের শেষ পরিণতির দেখা মিলবে তখনই। পুরো নাটকের শুটিং হবে গোয়ালন্দ রাজবাড়িতেই।

তারকাবহুল নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ডলি জহুর, সানজিদা প্রীতি, আবদুল্লাহ রানা, নওশিন নাহরিন, ইলোরা গহ্বর, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।

খুব শিগগিরই কোনো একটি বেসরকারি টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।