২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জগ্গা জাসুস’য়ের অভিনেত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

আসামের অভিনেত্রী ও গায়িকা বিদিশা বেজবড়ুয়া’র লাশ বুধবার তার গুরুগ্রামের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শেষবার ‘জগ্গা জাসুস’-এ অভিনয় করা বিদিশা আত্মহত্যা করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 06:58 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

দ্য হিন্দু বলছে, এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিদিশার স্বামী নিশিত ঝা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদিশার পরিবারের অভিযোগ পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন নিশিত, যার কারণে তাদের পরিবারে অশান্তি চলছিল। এ কারণেই আত্মহত্যার মতো গুরুতর সিদ্ধান্ত বিদিশা নিয়ে থাকতে পারেন বলেও ধারণা করছেন তারা।

৩০ বছর বয়সী বিদিশা ছিলেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী। বিভিন্ন টিভি সিরিজের পাশাপাশি বিদিশাকে দেখা গেছে অনেক টিভি অনুষ্ঠানের উপস্থাপনাতেও। সর্বশেষ অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ সিনেমার একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

মুম্বাইয়ে বসবাসরত বিদিশার পরিবার কিছুদিন আগেই গুরুগ্রামে চলে যায় বলেও জানায় পুলিশ।

“বিদিশাকে তার সম্প্রতি বদলানো বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই আমরা”, বলেছেন গুরুগ্রামের পুলিশ  কমিশনার দীপক সাহারান।

তিনি আরও বলেন, “সোমবার বিকেলে বিদিশা ফোন ধরছেন না দেখে খারাপ কিছু সন্দেহ করেন তার বাবা। তিনিই পুলিশকে জানান সবকিছু। ‍তিনি আরও জানান, ভালোবেসে বিয়ে করলেও স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকতো বিদিশার।”

এই মামলার তদন্তের স্বার্থে বিদিশা ও তার স্বামীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোর কথপোকথন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।