২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা ও ইউরোপে স্বল্পদৈর্ঘ্য ‘দাগ’

দেশে মুক্তির আগেই বিশ্বভ্রমণ করছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। চলচ্চিত্রটির টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে। তথ্যটি গ্লিটজকে জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা জসিম আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 05:53 PM

Updated : 11 Oct 2022, 02:18 PM

মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। বিশ্বখ্যাত শর্ট ফিল্ম প্ল্যাটফর্ম শর্টসটিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে চলচ্চিত্রটির। অস্কারে মনোনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রিমিয়ার করে বিগত কয়েক বছর ধরে পশ্চিমা দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করে শর্টসটিভি।

কেন বাংলাদেশের চলচ্চিত্রটির ব্যাপারে আগ্রহী তারা? এ প্রসঙ্গে ‘দাগ’ এর টেলিভিশন লাইসেন্স ও বিশ্ব পরিবেশনার দায়িত্বে থাকা শর্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের একুইজিশন কর্মকর্তা জেনি হেইডেন বলেছেন, “খুব শিগগিরই আমরা ভারতে একটি চ্যানেল চালু করছি। সে জন্যই প্রাথমিকভাবে আমরা ছবিটি নিতে চেয়েছিলাম। কিন্তু ছবিটি এতো শক্তিশালী ও আকর্ষনীয় যে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আমাদের ৪০ মিলিয়ন গ্রাহককে দেখানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি।”

এ বিষয়ে নির্মাতা জসীম আহমেদ বলছেন, “প্রথমবার ছবিটি দেখে জেনি হেইডেন জানিয়েছিলো, অসাধারণ সিনেমা। একটু সময় দাও, আমি চেষ্টা করছি একটা ভালো অফার নিয়ে আসতে। ধন্যবাদ শর্টসটিভি ও জেনিকে, কথায় কাজে অসাধারণ মিল রেখে ‘দাগ’-এর পাশে দাঁড়ানোর জন্য।”

ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্যও অচিরেই মুক্তি দেয়া হবে জানিয়ে নির্মাতা আরও বলেন, “প্রবল ইচ্ছা ছিল, সবার আগে বাংলাদেশের দর্শকদের কাছে ছবিটি পৌঁছাবো। আমাদের আবেগের জায়গা মহান মুক্তিযুদ্ধের পটভূমির ছবিটি আমাদের দর্শকদের জন্যইতো নির্মিত। কিন্তু আন্তর্জাতিক পরিবেশনার স্বার্থে ও পরিবেশকের সাথে স্বাক্ষরিত চুক্তির কিছু বাধ্যবাধকতায় প্রথমে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে মুক্তি দিতে হচ্ছে ছবিটি। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের কথা দিচ্ছি, আমেরিকা ও ইউরোপ প্রিমিয়ারের ৬ মাসের মধ্যেই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় প্রিমিয়ার হবে এই থ্রিলারটির।”

আমেরিকা ও ইউরোপের দর্শকরা যে সব দেশের টিভি চ্যানেল, ক্যাবল নেটওয়ার্ক ও আইপি টিভিতে দেখতে পাবেন ছবিটি সেগুলো হচ্ছে, আমেরিকার ডাইরেক্ট টিভি- চ্যানেল ৫৭৩, এটি এন্ড টি- ইউ ভারস- চ্যানেল ১৭৮৯, ইউ এস সনেট- চ্যানেল ২৯২, সেঞ্চুরি লিংক- চ্যানেল ১৭৮৯, ফ্রন্টিয়ার কমিউনিকেশন- চ্যানেল ১৭৮৯, ও গুগল ফাইভার- চ্যানেল ৬০৩, নেদারল্যান্ডের জিগো, ডেলটা ও ইউফোন, বেলজিয়ামের টেলিনেট, জার্মানির ম্যাজিন টিভি, এবং রোমানিয়ার টেলিকম- চ্যানেল ২০১,  ও স্লোভাকিয়ার টেলিকম- চ্যানেল ৩১২।

চ্যানেলগুলো যে যার মত করে নিজস্ব সময়ে প্রচার করবে ছবিটি। প্রচারের তিন থেকে চার সপ্তাহ আগে ইমেইলে জানানো হবে নির্মাতাকে। আর প্রত্যেকটি চ্যানেলে প্রচারের এক সপ্তাহ আগে বিস্তারিত থাকবে শর্টসটিভি’র ওয়েবসাইটে।

১৩ মিনিট দৈর্ঘের ছবিটিতে অভিনয় করেছেনে শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশি ও বাকার বকুল।