২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি কালো, দেখতেও ভালো নই’

সম্প্রতি রূপালি জগতের কারো কাছ থেকে পাওয়া বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী। টুইটারে তুলে ধরেছেন নিজের মনোভাবকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 07:29 PM

Updated : 25 Jul 2022, 09:00 PM

সোমবার নওয়াজ উদ্দিন সিদ্দিকী টুইটারে এক পোস্টে লিখেন, “ধন্যবাদ আমাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখতে সুন্দর কারো সঙ্গে আমার জুটি মানাবে না। কারণ আমি কালো এবং দেখতেও খারাপ।”

মঙ্গলবার নিজের পরবর্তী সিনেমা ‘মুন্না মাইকেল’-এর এক সংবাদ সম্মেলনে এসে এমন টুইটের কারণ খোলসা করেন নওয়াজ। তিনি জানান, সম্প্রতি বলিউডেরই এক ব্যক্তির কাছ থেকে বর্ণবাদী আচরণ পেয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

“আমি সেটাই টুইট করেছি, যেটা আমার মনে হয়েছে। কেউ একজন আমাকে এমনটা বলেছেন, আর সেটারই জবাব দিয়েছি” বলেন তিনি।

৪৩ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, “গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এমন নয়। তবে যিনি আমাকে এসব বলেছেন, তিনি এই ইন্ডাস্ট্রিরই লোক। আমি এসব কথা ছোটবেলা থেকে শুনে আসছি। এতকিছুর পরও আজ আমি এখানে। এই ইন্ডাস্ট্রিই আমাকে আপন করে নিয়েছে।”

“যখন আমি তরুণ ছিলাম, অভিনয়ের স্বপ্ন দেখতাম। আর লোকে আমাকে বলতো, নিজের চেহারা দেখেছো? এমনকী মুম্বাইয়ে যখন আমি অফিস করতাম, তখনও সবাই আমাকে বলতো নায়ক হওয়ার মতো চেহারা আমার নেই। সুতরাং কেবল বলিউডে নয় সব জায়গাতেই এই সমস্যাটি আছে,” বলেন তিনি।

চেহারা নিয়ে লোকের কটু কথা শুনতে হলেও দৃশ্যপট পাল্টে গেছে নওয়াজ উদ্দিনের। এমনটা মনে করেন ‘মুন্না মাইকেল’ সিনেমায় তার সহশিল্পী টাইগার শ্রফই।

তিনি বলেন, “নওয়াজ স্যারের এখন রয়েছে বিরাট এক ভক্তশ্রেণি। যেখানেই আমি তার সঙ্গে যাই, নারীভক্তরা তাকে ছেঁকে ধরে, কারণ তারা সবাই ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর অভিনেতাটির সঙ্গে দেখা করতে চায়! নারীদের নওয়াজ স্যারকে নিয়ে এই উন্মাদনা দেখতে ভালোই লাগে।”