নাহিদের গানে সাফার প্রথম মিউজিক ভিডিও, সঙ্গে সিয়াম
এই প্রথম মিউজিক ভিডিওতে এলেন হালের টিভি অভিনেত্রী সাফা কবির। শুধু তাই নয় ছোটপর্দায় আরেক অভিনেতা সিয়ামের সঙ্গেও প্রথম জুটি বাঁধলেন এ মিউজিক ভিডিওটির মাধ্যমে।
নাহিদ মেহেদীর গান ‘মিথ্যে গল্প’। গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী। সম্প্রতি নির্মিত হলো গানটির মিউজিক ভিডিও। শাহরিয়ার পলকের নির্মাণে ভিডিওটিতে মডেল হয়েছেন সাফা কবির ও সিয়াম।
সাফা কবিরের প্রথম মিউজিক ভিডিও এটি। তিনি বলেন, “ভিডিওর প্রতি খুব একটা আগ্রহ ছিলো না আমার। তাই অসংখ্য অফারের পরেও এ পর্যন্ত করা হয়নি। তবে নাহিদ মেহেদী ভাই যখন তার গান ‘মিথ্যে গল্প’ গানটি শোনান, এবং ভিডিওটি নির্মাণের গল্প বলেন- তখন এক সেকেন্ডও অপেক্ষা না কওে আমি সম্মতি দিই।”
কোন বিষয়গুলো গানটির প্রতি আকৃষ্ট করেছে সাফাকে?
তিনি বললেন, “কিছু কিছু গানের কথা, সুর আর কম্পোজিশন এমন থাকে যে গানটার সাথেই লাভ এট ফার্স্ট লিসেনিং হয়ে যায়। ‘মিথ্যে গল্পে’র ক্ষেত্রেও আমার ঠিক তেমনটাই হয়েছে। এছাড়া সিয়ামের সাথে এর আগে আমি কখনও জুটিও বাঁধিনি। আমি খুবই উচ্ছ্বসিত যে ‘মিথ্যে গল্প’ই আমার প্রথম সত্যিকারের মিউজিক্যাল ফিল্ম।”
নির্মাতা শাহরিয়ার পলক জানান, গাজীপুর আর ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যেই শেষ হয়েছে ‘মিথ্যে গল্প’ এর শুটিং। সিনেমাটোগ্রাফিতে ছিলেন চিত্রগ্রাহক রাজু রাজ।
গানের শিল্পী নাহিদ মেহেদী বলেন, “আমি যখন কোনও গানের কাজ করি তখন গানটির শুরু থেকে শেষ পর্যন্ত ভিজ্যুয়াল তৈরিসহ সবাইকে নিয়ে একটা টিমওয়ার্ক গড়ে সেরা আউটপুট পাওয়ার চেষ্টা করি। গানের কথা থেকে শুরু করে কম্পোজিশনে সেতু ভাই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড পেলে গানে কণ্ঠ দেয়ার সময় আবেগটা কাজ করে অনেক বেশি।”
‘মিথ্যে গল্প’ গানটির অডিও এবং ভিডিও প্রকাশ পাচ্ছে সিএমভি’র ব্যানারে। সিএমভির প্রধান নির্বাহী এস কে সাহেদ আলী জানান, ২৭ জুলাই সন্ধ্যায় ‘মিথ্যে গল্প’ মিউজিক্যাল ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাচ্ছে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে। এর আগে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই পাওয়া যাবে নাহিদ মেহেদীর ‘মিথ্যে গল্প’ গানটির সকল আপডেট।
চলতি বছরের শুরুতেই সিএমভি’র ব্যানারেই শিল্পী নাহিদ মেহেদীর ‘হারালো অজানায়’ শীর্ষক একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ পেয়েছিলো, যা দর্শক, শ্রোতা ও সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়। জিপি-মিউজিক অ্যাপ প্ল্যাটফর্মে মুক্তির এক সপ্তাহেই ‘হারালো অজানায়’ উঠে এসেছিল টপ চার্টে। পরবর্তীতে একই প্ল্যাটফর্মে তা উঠে আসে এক নম্বরে।
