২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাওয়ার্ড নয় রিওয়ার্ডেই বেশি খুশি হই: সালমান

বক্সঅফিসে বরাবরই দুর্দান্ত ব্যবসা করে সালমান খানের সিনেমা। তা সত্ত্বেও পুরস্কার আসরে বরাবরই পিছিয়ে ‘সুলতান’ তারকা। এবারে বললেন, পুরস্কার পাওয়া নিয়ে ভাবনা নেই তার বরয় দর্শকের ভালোবাসাতেই খুশি ‘ভাইজান’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 09:25 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

চলতি বছর আইফা পুরস্কার মঞ্চ মাতাতে চলেছেন সালমান খান। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, জ্যাকলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট, শহীদ কাপুর, বরুণ ধাওয়ানের পাশাপাশি নাচতে দেখা যাবে সালমান খানকেও। অন্যান্য বছরের মতো এবারে ঈদের ছবি ‘টিউবলাউট’ তেমন একটা ব্যবসা করেনি বক্সঅফিস। কিন্তু তাতে দমে যাননি তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সালমান বলেন, “আমি বরাবরই পুরস্কার মঞ্চ মাতাই কিন্তু পুরস্কার ঘরে তুলতে পারি না। একবার আমি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির জন্য পার্শ্ব-অভিনেতার মনোনয়ন পেয়েছিলাম। আমার সঙ্গে জ্যাকি শ্রফ মনোনয়ন পেয়েছিলেন। যখন আমায় ডাকা হলো আমি সঙ্গে সঙ্গে পুরস্কার নেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিলাম কিন্তু পুরস্কারটা আমার হাতে আসেনি, এসেছিলো জ্যাকি’র হতে। আমি চুপচাপ আমার পারফর্ম্যান্সে মনোযোগ দিই।”

তিনি আরও বলেন, “দর্শক আমাকে ভালোবাসে আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এজন্যই ‘টিউবলাইট’য়ের এমন খারাপ অবস্থা সত্ত্বেও আইফা মঞ্চে নাচার জন্য আমাকে বড় অঙ্কের অর্থ দিচ্ছেন আয়োজকরা। তাই পুরস্কার পাওয়া নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। অ্যাওয়ার্ড নয় রিওয়ার্ডেই বেশি খুশি হই আমি।”

ঈদের আগে মুক্তি পেয়েছে সালমানের ‘টিউবলাইট’ সিনেমাটি। তবে অন্যান্য বছরের তুলনায় ভালো ব্যবসা করেনি সালমানের এ সিনেমাটি। সামনেই মুক্তি পাবে এ তারকার নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’।