২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন আগেই ঢাকায় এলেন শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী

ঢাকায় এলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী  জিৎ গাঙ্গুলী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 06:42 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

ঢাকায় এসেছেন শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলী। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন শর্মিলা। এর আগে সকাল সাড়ে ৯টায় পৃথক বিমানে ঢাকায় এসে পৌছান জিৎ। আগামীকাল সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে যোগ দিতে একদিন আগেই ঢাকায় এসে পৌঁছালেন জনপ্রিয় এ দুই মুখ।

কনসার্টটির আয়োজন করেছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির সিইও অনন্যা রুমা জানান, “আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলী। আর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে শর্মিলা ঠাকুর বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন, বলবেন জীবনের গল্প। আর দর্শকদের সঙ্গেও আলাপচারিতা করবেন। আমরা চেষ্টা করছি জমকালো একটি আয়োজনের। ”

অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের পাশাপাশি শর্মিলা ঠাকুরের সঙ্গে নাচে অংশগ্রহণ করবেন দেশের ৪ জন স্বনামধন্য শিল্পী তারিন, নিপুণ, নাদিয়া ও চাঁদনী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। কনসার্টটি এটিএন বাংলার দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে।