আদনান সামির কোলে মেয়ে ‘মদিনা’
ভারতীয় সংগীত তারকা আদনান সামি ও রয়া সামি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। মেয়ে মদিনাকে কোলে নিয়ে আদনান সামি’র অসাধারণ কিছু ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৮ মে জার্মানিতে ভূমিষ্ঠ হয় আদনান সামির মেয়ে মদিনা সামি খান। মা রয়া সামি জার্মানির নাগরিক হওয়ায় সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তাদের সন্তান। জন্মসূত্রে নবজাতক মদিনা জার্মানির নাগরিক হলেও শিগগিরি তাকে ভারতে আনা হবে বলে জানান এ সংগীত তারকা।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সামি বলেন, “আমি ও আমার স্ত্রী সব সময় চাইতাম আমাদের একটা মেয়ে হোক। আল্লাহ আমাদের সে চাওয়া পূরণ করেছেন। আমার মেয়ে আমাদের দু’জনেরই ভালো দিকগুলো পেয়েছে। মায়ের নীল চোখ আর আমার গানের ঝোঁক- দুটোই পেয়েছে সে!” সামি আরও জানান, মেয়েকে নাকি প্রতিদিন তার প্রিয় গানগুলো শোনান তিনি। এছাড়া ঘুমপাড়ানি গান তো আছেই!
২০১৬’তে ভারতীয় নাগরিকত্ব পান পাকিস্তানী বংশোদ্ভূত এ সংগীতশিল্পী। শিগগিরি মুম্বাই ফিরে মেয়ের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান এ তারকা।
