‘ভিরে দি ওয়েডিং’য়ে কেমন চরিত্রে দেখা যাবে কারিনাকে?
কারিনা কাপুর খানের নতুন ছবি ‘ভিরে দি ওয়েডিং’কে ঘিরে কৌতুহলের শেষ নেই দর্শকের। গর্ভবতী অবস্থায় এ ছবির দৃশ্যধারণে অংশ নেবেন কারিনা-এমন খবরে সে সময় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন কাপুর কন্যা। পরে সেটি না ঘটলেও সিনেমা থেকে বাদ যাননি কারিনা। এবারে এক সাক্ষাতকারে তিনি বললেন এ ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে তাকে।
কারিনার নতুন ছবির প্রযোজক আরেক কাপুর কন্যা হৃয়া। অনিল কাপুর ও সুনিতা কাপুরের মেয়ে হৃয়া কাপুরের অনুরোধেই গর্ভবতী অবস্থায় শুটিংয়ের জন্য রাজি হয়েছিলেন কারিনা। কিন্তু পরে শারীরিক অবস্থার কথা ভেবে না করে দিয়েছিলেন তাকে। বলেছিলেন তার চেয়ে কম বয়েসি অন্য কোনো অভিনেত্রীকে তার চরিত্রের জন্যে প্রস্তাব করতে। কিন্তু নাছোড়বান্দা হৃয়া শোনেননি সে কথা। কারিনার জন্য প্রায় এক বছর পিছিয়ে দিয়েছেন দৃশ্যধারণের কাজ।
মুম্বাই মিরর’কে দেওয়া এক সাক্ষাতকারে কারিনা বলেন, “চার নারীর গল্প নিয়ে ‘ভিরে দি ওয়েডিং’য়ের কাহিনি তৈরি হয়েছে। এতে আমাকে বিয়ে আসরে বসা এক নতুন বউয়ের ভূমিকায় দেখা যাবে। আমার বিয়েতে উপস্থিত চার মেয়ের গল্প বলা হয়েছে এ ছবিতে।” নিজের চরিত্রটি সম্পর্ক বেবো আরও বলেন, “বাস্তব জীবনে আমি আমার বান্ধবীদের ব্যাপারে অসম্ভব পজেসিভ। সিনেমাতেও আমাকে এরকমই এক চরিত্রে দেখা যাবে।”
সেপ্টেম্বরে শুরু হবে ‘ভিরে দি ওয়েডিং’য়ের দৃশ্যধারণের কাজ। এতে আরও অভিনয় করছেন সোনম কাপুর, স্বারা ভাস্কর ও শিখা তালসানিয়া। দিল্লি, মুম্বাই ও থাইল্যান্ডে চলবে এ ছবির দৃশ্যধারণের কাজ।
