২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা আমি বানাবই:রোজিনা

অভিনয়ের পর এবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম লেখাচ্ছেন চিত্রনায়িকা রোজিনা। ইতিমধ্যেই সিনেমার গল্প ভেবেছেন। দিনক্ষণ মিলে গেলেই শুরু করবেন পরবর্তী কাজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 08:24 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

২০০৫ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন আশির দশকের নন্দিত নায়িকা রোজিনা। তারপর প্রায় একযুগ বড়পর্দায় দেখা নেই তার। দেশ ছেড়ে সংসার পেতেছিলেন লন্ডনে। কিন্তু ভুলে থাকতে পারেননি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। চলচ্চিত্রের টানেই বার বার ফিরে আসেন দেশে। চলচ্চিত্রের সঙ্গেই থাকতে চান আজীবন। এবার সিদ্ধান্ত নিয়েছেন, চলচ্চত্র নির্মাণ করবেন।

গ্লিটজের সঙ্গে আলাপকালে শোনালেন তার স্বপ্নের কথা, “অনেকদিন ধরেই ভাবছি চলচ্চিত্র নির্মাণ করব। এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন। গল্প ভাবাও শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। সিনেমা আমি বানাবই। সেটা আজ বা পরশু করে ফেলব না। ভেবে চিন্তে করব।”

আরো জানালেন, “বাংলা চলচ্চিত্র নিয়ে আন্দোলন চলছে। অপেক্ষায় আছি, চলচ্চিত্রের সুদিন ফিরবে।”

নির্মাণের বাইরে অভিনয়েও প্রত্যাবর্তন করতে চান এই অভিনেত্রী। বললেন, “কেন্দ্রিয় কিংবা গুরুত্বপূর্ণ কোনো চরিত্র পেলে অভিনয়েও ফিরব।”

১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় রোজিনা। আশির দশকের মাঝমাঝিতে পাকিস্তানে ‘হাম দো হায়’ ছবিতে অভিনয় করে আলোচিত হন। ভারতের জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নায়ক নাদিমসহ ভারতীয় উপমহাদেশের অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন আড়াই শ’র মতো চলচ্চিত্রে।