‘দ্য কপিল শর্মা শো’ অনেক বড় প্ল্যাটফর্ম: মিঠুন চক্রবর্তী
শিগগিরিই ‘ড্রামা কোম্পানি’ নামে একটি নতুন কমেডি অনুষ্ঠান আসছে ভারতীয় টিভি চ্যানেলে। ক্রুশনা অভিষেকের উপস্থাপনায় এ অনুষ্ঠানে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’য়ের শুটিং সেটে জ্ঞান হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপক কপিল শর্মা। সুনীল গ্রোভারের সঙ্গে মনোমালিন্য ও তিন সহকর্মীর অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর জনপ্রিয়তা ধরে রাখতে বেশ চাপের মধ্য দিয়েই যেতে হচ্ছে এ কৌতুক অভিনেতাকে।
এরই মধ্যে নতুন কমেডি অনুষ্ঠান ‘ড্রামা কোম্পানি’র আগমনে এই চাপ আরও বাড়বে এমনটাই স্বাভাবিক। তবে সবাইকে অবাক করে দিয়ে ‘ড্রামা কোম্পানি’তে কপিলকে প্রশংসায় ভাসালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘ড্রামা কম্পানি’কে অনেকেই ভাবছেন ‘দ্য কপিল শর্মা শো’য়ের প্রতিযোগী হিসেবে। কিন্তু মিঠুন চক্রবর্তী বললেন ভিন্ন কথা। সাক্ষাতকারে তিনি বলেন, “অনেকেই কপিল শর্মাকে আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবছেন। কিন্তু আমরা মোটেও এমনটা মনে করছি না। সত্যি বলতে ‘দ্য কপিল শর্মা শো’ অনেক বড় প্ল্যাটফর্ম। কপিল শর্মা ভারতের অন্যতম সেরা কৌতুক অভিনেতা। আমাদের অনুষ্ঠান তার কাছাকাছি জনপ্রিয়তা পেলেও আমরা অনেক খুশি হব।”
১৬ জুলাই সনি টিভিতে সম্প্রচারিত হবে এ অনুষ্ঠানটি। এতে মিঠুন চক্রবর্তী ও ক্রুশনা অভিষেক ছাড়াও রয়েছেন আলী আসগর, সুগন্ধা মিশ্র ও ড. সংকেত ভোশলে।
