সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুমন
দুর্ঘটনার কবলে পড়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন। দুর্ঘটনায় তার চোয়াল ভেঙে গেছে। কানের কিছু অংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। শরীরে ১১ টি অস্ত্রোপাচার করা হয়েছে।
বাংককে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু।
জানা গেছে, দুর্ঘটনায় তার চোয়াল ভেঙে গেছে। কানের কিছু অংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ব্যান্ড দলটির ম্যানেজার রাজু আহমেদ গ্লিটজকে জানিয়েছেন, “হাসপাতালে ছোট্ট একটি সার্জারি করে হোটেল ফিরছিলেন তিনি। ফেরার পথে পেছন থেকে একটি মাইক্রোবাসের ধাক্কায় জ্ঞান হারান। স্থানীয়রা তাকে স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নেন। সেখানকার একজন ডাক্তার উনাকে আগে থেকেই চিনতেন। তিনি নিজেই দায়িত্ব নিয়ে তার শরীরে অস্ত্রোপচার করান। প্রায় ১১ টি অস্ত্রোপচার করা হয়েছে। পরিবারের সদস্যরা টেনশন করবে বলে খবরটা নিজেই গোপন রেখেছিলেন।”
বর্তমানে তার শারীরিক অবস্থা খানিকটা ভালো বলে জানিয়েছেন রাজু । বললেন, “পুরোপুরি বেড রেস্টে আছেন উনি। পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে আরো মাস দুয়েক সময় লাগবে। আরো সার্জারি করা লাগতে পারে। তার শরীরে এমনিতেই অনেক সার্জারি হয়েছে। তাই এখন শরীরের কন্ডিশনের উপর নির্ভর করছে আদৌ কবে সার্জারি হবে তার।”
২০১২ সালের দিকে সুমনের শরীরে ক্যান্সার দানা বাঁধে। সার্জারির প্রয়োজেন প্রায়ই ব্যাংককে যেতে হয় তাকে।
