২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি চলচ্চিত্রে গাইলেন কুমার শানু

তৃতীয়বারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে গাইলেন নন্দিত সংগীতশিল্পী কুমার শানু। ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামে গানটির রেকর্ডিং হয়েছে ৭ জুলাই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 05:53 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

বাংলাদেশি চলচ্চিত্রে গাইলেন উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী কুমার শানু। নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ শিরোনামে সিনেমায় থাকছে তার গান। ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামে গানটি ৭ জুলাই কলকাতার দ্য ওয়ার্ল্ড স্টুডিওতে রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন ছবির নির্মাতা।

দেবাশীষ বিশ্বাস গ্লিটজকে জানালেন, “অনেক আগে থেকেই আমি কুমার শানুর ভক্ত। আমার কৈশোরের নাম কুমার শানু, যৌবনের নামও কুমার শানু। বাবার (দিলীপ বিশ্বাস) দু’টি চলচ্চিত্রে উনি গান করেছিলেন। তখন থেকেই স্বপ্ন দেখেছিলাম আমার সিনেমায় উনাকে দিয়ে একটি গান করাবো। ১৭ বছরের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হলো।”

তিনি আরো জানালেন, “সাক্ষাতের পর উনাকে বলেছিলাম, নব্বইয়ের দশকে যে স্টাইলের আপনার গানগুলো শুনতাম এই গানটিও সেই স্টাইলে করতে চাই। গানটার রেকর্ডিং শেষে উনি বললেন, তোর গানের জন্য জান দিয়ে দিলাম। বাকিটা মিলিয়ে নে।”

গানটি লিখেছেন গীতিকার সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক প্রীতম ব্যানার্জি।

সর্বশেষ ২০০৫ সালে নির্মাতা দিলীপ বিশ্বাসের ‘মায়ের মর্যাদা’ চলচ্চিত্রে গেয়েছিলেন কুমার শানু্। এর আগে নব্বইয়ের দশকের মাঝামাঝির দিকে একই নির্মাতার ‘অজান্তে’ নামে একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। ছবির ‘মাগো তুমি একবার খোকা বলে ডাকো’ শিরোনামে গানটি বাংলা সংগীতের সুপারহিট গানগুলোর একটি। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার,  সুর ও সংগীত করেছেন সত্য সাহা।

ছবি: সুদীপ কুমার দীপের ফেইসবুক থেকে নেয়া।