২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিসর্জন’-এ সেরা অভিনেত্রী জয়া

‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রের জন্য পেতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ভারতীয় বাংলা ছবি ‘বিসর্জন’-এ অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

যুক্তরাষ্ট্র থেকেই জয়া জানালেন, নিজের পুরস্কারপ্রাপ্তির খবর। পুরস্কার হাতে লাস্যময়ী সাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে ক্যাপশনে জয়া লিখেছেন, “সানফ্রান্সিসকোতে কৌশিক গাঙ্গুলি নির্মিত ‘বিসর্জন’ চলচ্চিত্রের জন্য সমালোচক পুরস্কার শাখায় ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড -এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলাম।”

Image
ছবি: জয়া আহসানের ফেইসবুক থেকে সংগৃহীত

ছবি: জয়া আহসানের ফেইসবুক থেকে সংগৃহীত

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স এর অংশ হিসেবে প্রতিবছর অনুষ্ঠিত হয় আইবিএফএ অ্যাওয়ার্ড প্রদান। জয়া ছাড়াও পুরস্কারের খবরটি আয়োজকরা জানিয়েছেন তাদের ফেসবুক পেজেও।

এর আগে ভারতের ৬৪তম জাতীয় পুরস্কারে বাংলা ভাষায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় ছবিটি। চলচ্চিত্রটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। অপেরা মুভিজের ব্যানারে চলতিবছর পহেলা বৈশাখে কলকাতায় মুক্তি পায় ছবিটি।

এদিকে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠান। এদিন, প্রধানমন্ত্রীর হাত থেকে জিরো ডিগ্রি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করবেন জয়া।