২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুপালি পর্দার মেয়ের জন্য কাঁদলেন কেন ‘মম’ শ্রীদেবী ?

৭ জুলাই মুক্তি পেয়েছে শ্রীদেবীর ‘মম’ সিনেমাটি। এতে তার মেয়ের ভূমিকায় অভিনয় করেছে পাকিস্তানী অভিনেত্রী সজল আলী। সম্প্রতি এক ভিডিওতে রুপালি পর্দার মেয়ের জন্য কাঁদতে দেখা গেলো শ্রীদেবীকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 09:34 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বনি কাপুর প্রযোজিত ‘মম’ ছবিতে এক প্রতিশোধপরায়ণ মায়ের চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন শ্রীদেবী। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ারে ৩০০তম সিনেমার মাইলফলক স্পর্শ করলেন ‘নাগিন’ অভিনেত্রী। মুক্তির দু’দিনে প্রায় ৮ কোটি ব্যবসা করা ছবিটি চলতি মাসের বক্সঅফিস খরার মধ্যে আশা জাগাচ্ছে হলমালিকদের- এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

৭ জুলাই ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ‘মম’ সহঅভিনেত্রী সজল আলীর জন্য কাঁদলেন শ্রীদেবী। কী সেই কারণ যার জন্য এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন ‘মম’ তারকা শ্রীদেবী? ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘মম’ ছবির শুরু থেকেই শ্রীদেবীর মেয়ের চরিত্রে অভিনয় করা পাকিস্তানী অভিনেত্রী সজলের প্রতি মায়া পড়ে যায় তার। এমনকি শ্রীদেবীর সত্যিকার মেয়ে জাহ্নবী কাপুরের মতোই নাকি সজলকে ভালোবেসে ফেলেছেন তিনি!

ভিডিওতে শ্রীদেবী বলেন, “সজল আমার বাচ্চা। আমি তোমাকে অনেক ভালোবাসি। ‘মম’য়ের শুরু থেকে আমরা একসঙ্গে কাজ করেছি। অনেক সুন্দর স্মৃতি জমা হয়েছে তোমার সঙ্গে। তোমাকে ছাড়া এ সিনেমা কখনোই সম্পূর্ণ হতো না। এ মুহূর্তে তোমাকে পাশে না পেয়ে খুবই খারাপ লাগছে। বুঝতে পারছি না আমি কেন এতো আবেগ তাড়িত হয়ে পড়ছি।” এ কথা বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি।

এর আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শ্রীদেবী বলেছিলেন, শুটিং করতে গিয়ে সজলকে তার নিজের মেয়ের মতোই মনে হয়েছে তার। পাকিস্তানী অভিনেত্রী হওয়ায় সিনেমার প্রচারণায় ভারতে আসতে পারেনি সজল। এ কারণে সজলকে খুব ‘মিস’ করছেন বলেও জানিয়েছিলেন তিনি।

সর্বশেষ ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমায় দেখা গেছে শ্রীদেবীকে। সামনেই করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক ঘটতে চলেছে শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুরের।