জনসমক্ষে মদ্যপ আচরণ করায় গ্রেপ্তার শায়া লেবাফ
মার্কিন অভিনেতা শায়া লেবাফ আরও একবার গ্রেপ্তার হলেন মদ্যপ হয়ে জনসমক্ষে অস্বাভাবিক আচরণ করার জন্য। সাভানাতে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
টিএমজি বলছে, সাভানায় চলছিল এই তারকার পরবর্তী সিনেমা ‘দ্য পিনাট বাটার ফ্যালকন’-এর। সেখানে শনিবার সকালে তকে মদ্যপ হয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও বেলা এগারটা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়।
মদ্যপ হয়ে জনসমক্ষে পাগলাটে আচরণ করার ঘটনা অবশ্য এটাই প্রথম নয় শায়া লেবাফের জন্য। ২০০৮ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য। ২০১৫ তে টেক্সাসের অস্টিনে তিনি গ্রেপ্তার হন ফের মদ্যপ হয়ে রাস্তায় অশালীন আচরণের জন্য। একই বছর নিউ ইয়র্কে এক ক্যাবারে পারফর্ম্যান্সের সময় মদ্যপ হয়ে ভেঙে পড়ার কারণেও হাজতে যেতে হয় তাকে।
বক্স অফিসেও তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ২০১৪ সালের সিনেমা ‘ফিউরি’র পর থেকে কোনো সিনেমা হিট হয়নি তার। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আমেরিকান হানি’ও মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।
