২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রু ব্লাড’ তারকা নেলস্যান এলিসের মৃত্যু

এইচবিও’র টিভি সিরিজ ‘ট্রু ব্লাড’-এর অভিনেতা নেলস্যান এলিস আর নেই। শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৩৯ বছর বয়সে মারা গেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 07:21 PM

Updated : 25 Jul 2022, 09:00 PM

এইচবিও’র ভ্যাম্পায়ার ড্রামা সিরিজ ‘ট্রু ব্লাড’-এর লাফায়েত্তে চরিত্রটির অভিনেতা ছিলেন নেলস্যান; সিরিজটির নিয়মিত দর্শকদের কাছে ছিলেন দারুন জনপ্রিয়ও।

স্বল্প সময়ের ক্যারিয়ারে ‘ট্রু ব্লাড’ ছাড়াও বিভিন্ন হলিউডি সিনেমায় দেখা গেছে তাকে। এরমধ্যে উল্লেখযোগ্য ‘গেট অন আপ’, ‘লি ড্যানিয়েলস’, ‘দ্য বাটলার’ এবং ‘দ্য হেল্প’।

‘দ্য হেল্প’ সিনেমায় নেলস্যান এলিসের সহশিল্পী অক্টাভিয়া স্পেন্সার ইন্সটাগ্রামে সবার প্রথমে তার মৃত্যুর খবরটি জানান। এক পোস্টে তিনি লিখেন, “এইমাত্র জানতে পারলাম, নেলসনকে আমরা হারিয়েছি। তার পরিবার ও সন্তানদের কথা চিন্তা করে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।”

সিএনএন-এ প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এইচবিও কর্তৃপক্ষ বলছে, “নেলস্যান এলিসের অন্তর্ধানের খবরে আমরা খুবই মর্মাহত। এইচবিও পরিবারের দীর্ঘসময়ের সদস্য ছিলেন নেলস্যান। লাফায়েত্তের চরিত্রে যার অসাধারণ অভিনয় ‘ট্রু ব্লাড’ দর্শকেরা অনেকদিন মনে রাখবে। তার সকল ভক্ত এবং এইচবিও সবসময়ই তার অভাব অনুভব করবে।”

‘ট্রু ব্লাড’-এর নির্মাতা এবং নির্বাহী প্রযোজক অ্যালান বলও শোক প্রকাশ করেছেন নেলস্যানের মৃত্যুতে।

তিনি বলেন, “নেলসন ছিলেন এমন এক প্রতিভা, যিনি প্রতিনিয়তই আমাকে চমৎকৃত করতেন। তার সঙ্গে কাজ করতে পারাটা ছিল সৌভাগ্যের।”

১৯৭৭ সালে ইলিনয়ে জন্ম নেওয়া নেলস্যান প্রথম জীবনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে চলে এসে তিনি ভর্তি হন ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে, যেখানে তিনি চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ফক্স-এর ‘দ্য ইনসাইড’-এর প্রথম মৌসুম ও ‘ভেরোনিকা মার্স’-এর প্রথম পর্বের পরপরই তিনি সুযোগ পান ‘ট্রু ব্লাড’য়ে অভিনয়ের। এর পরপরই সিরিজটির খাটো গড়নের সমকামী পাচক লাফায়েত্তে রেনল্ডস-এর চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি।

নেলস্যান এলিস রেখে গেছেন তার দাদি, বাবা, পুত্রসন্তান ব্রিয়ন এবং সাত ভাইবোনকে।