শিল্পকলায় সৈয়দ হকের ‘নারীগণ’
সৈয়দ শামসুল হকের রচনায় আতাউর রহমানের নির্দেশনায় শিল্পকলায় ফের মঞ্চস্থ হতে যাচ্ছে পালাকারের ‘নারীগণ’। রোববার সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
১৭৫৭ সালে সংগঠিত পলাশীর যুদ্ধ ও সিরাজউদ্দৌলাকে হত্যা করার মাধ্যমে বাংলায় যে পট পরিবর্তন হয়েছিল সেই ঘটনার সাক্ষী সিরাজের জননী, নানী, স্ত্রী অর্থাৎ সিরাজের পরিবারের নারীদের বন্দিত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘নারীগণ’ নাটকের প্রেক্ষাপট।
নাটকটি প্রসঙ্গে আতাউর রহমান বলেন, “১৭৫৭ সালের ০৩ জুলাই উপমহাদেশর স্বাধীনতার-সার্বভৌমত্বের প্রতীক, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। মীরনের আদেশে মোহাম্মদী বেগ জাফরগঞ্জ প্রাসাদের নির্জন কক্ষে নবাবকে নৃশংসভাবে হত্যার পর নবাবের লাশ হাতির পিঠে নিয়ে মীরন, মোহাম্মদী বেগ ও খান-ই-মুর্শিদ বিজয় মিছিল বের করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অগণিত লোক চোখের পানি মুছতে মুছতে এ দৃশ্য দেখে। এসময় রাজপ্রাসাদের অন্তঃপুরে মহিলা মহলে কি ঘটনা ঘটেছিল সেটা ইতিহাসের পাতায় লোখা নেই। এই সাহসী কাজটাই সম্পন্ন করেছেন বাংলাদেশের সব্যসাচী লেখক-কবি-নাট্যকার সৈয়দ শামসুল হক। ‘নারীগণ’ নাটকে আমরা দেখবো নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পর নবাব মহলের অন্তঃপুরে বন্দী নারীদের নানান উপলব্ধি।”
পালাকারের প্রযোজনা হলেও নাটকটিতে চারজন নারীর চরিত্রে অভিনয় করেছেন নাগরিক নাট্য সম্প্রদায়ের ফারহানা মিঠু ও তানিয়া হোসাইন, চট্টগ্রামের নান্দিমুখের দীপ্তা রক্ষিত এবং প্রাচ্যনাটের জয়িতা মহলানবীশ।
প্রসঙ্গত, সৈয়দ শামসুল হকের রচনায় পালাকার ২০০৯ ও ২০১২ সালে মঞ্চে এনেছিল ‘বাংলার মাটি বাংলার জল’ ও ‘নারীগণ’। দুটি নাটকই বাংলাদেশের মঞ্চে বেশ সমাদৃত হয়।
