২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সর ছাড়পত্র পেলো ‘গহীন বালুচর’

সেন্সর ছাড়পত্র পেলো নির্মাতা বদরুল আনাম সৌদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 05:50 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

“একটি চর জাগার গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। পরবর্তীতে এখানেই আমরা একটি প্রেমের গল্প খুঁজে পাই। খুব রোমান্টিক একটা গল্পের ছবি ‘গহীন বালুচর’। পাশাপাশি মানুষের আশা-আকাঙ্খা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চিত্রও ফুটিয়ে তোলার চেষ্টা করবো।”-এমন আশ্বাস দিয়ে নির্মাণে গিয়েছিলেন বদরুল আনাম সৌদ। ডিসেম্বরের ২২ তারিখ থেকে টানা এক মাসের শুটিং শেষে ছয়মাসের সম্পাদনা। অত:পর সেন্সর বোর্ড থেকে বিনা বাধায় ছাড়পত্র পেলো ছবিটি। রোবাবার দুপুরে ছাড়পত্র হাতে পান সৌদ।

বিকেলে গ্লিটজকে তিনি বললেন, “ঈদের আগে সেন্সর বোর্ডে ছবিটি জমা দিয়েছিলাম। আজ সনদ হাতে পেলাম। এবার মুক্তির দিকে এগুতে চাই। প্রচার প্রচারণার কিছু পরিকল্পনা চলছে। আশা করছি এ বছরই চলচ্চিত্রটি মুক্তি দিতে পারবো।”

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরও দেখা যাবে দুই নতুন মুখ তানভীর ও মুনকে। তাদের ত্রিভুজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে থাকছেন সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ।

ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে।