পরিচালনায় আসতে চান টম হল্যান্ড
৭ জুলাই মুক্তি পেয়েছে মার্ভেল সিরিজের নতুন সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’। জন ওয়াটস পরিচালিত এ ছবিতে স্কুলগামী স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ইমপসিবল’ অভিনেতা টম হল্যান্ড।
বাবা কৌতুক অভিনেতা ডমিনিক হল্যান্ড। সেই সুবাদে অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন টম হল্যান্ড। ২০১২’তে ‘দ্য ইমপসিবল’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক ঘটা এ অভিনেতাকে দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় সিরিজ ‘উল্ফ হল’য়েও।
গতবছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ক্যাপিটেন আমিরকা: সিভিল ওয়ার’য়ে প্রথমবারের মতো সুপারহিরো স্পাইডারম্যানের অবতারে দেখা যায় টম হল্যান্ডকে। এবারে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’য়ে স্কুলগামী স্পাইডারম্যানের চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে নিজের ভবিষ্যত পরিকল্পনার কতা জানান ২০ বছর বয়েসি এ ব্রিটিশ অভিনেতা।
তিনি বলেন, “অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আমার স্বপ্ন পরিচালক হওয়ার। আমার মনে হয় এটি এমন একটি পেশা যা আমার জন্য সবচেয়ে মানানসই।”
এরই মধ্যে ‘টুইট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন টম। এতে অভিনয় করেছেন তার ছোট ভাই প্যাডি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “স্বল্পদৈর্ঘ্য সিনেমার পর একটি পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি ইচ্ছে হয়েছে আমার। একটি সিনেমার শুরু থেকে শেষ পযন্ত যে যাত্রা তাতে সামিল হতে চাই।”
‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ তারকা টম হল্যান্ডকে সামনে দেখা যাবে আরেক জনপ্রিয় সুপারহিরো সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’য়ের শেষ দুই পর্বেও।
