আন্দোলনের পর ইতিবাচক সাড়া পাচ্ছি : রিয়াজ
চলচ্চিত্র ঐক্যজোটের আন্দোলন নিয়ে দারুণ আশাবাদী চিত্রনায়ক রিয়াজ। জানালেন, আন্দোলনের পর ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা।
যৌথ প্রযোজনার ছবি নিয়ে সরগরম সিনেমাপাড়া। ঈদে মুক্তি প্রাপ্ত যৌথ প্রযোজনার দুই চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস-টু’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সিনেমার দু’টির সঙ্গে সংশ্লিষ্টরা দাবি করছে, যৌথ প্রযোজনার নিয়ম মেনেই সিনেমাগুলো নির্মাণ করা হয়েছে। বিপরীতে শিল্পী সমিতিসহ আরো বেশ ক’টি সংগঠন ছবিগুলোকে ‘যৌথ প্রতারণা’ বলে অভিহিত করেছেন।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ। আন্দোলন নিয়ে তিনি বললেন, “আমাদের দাবি শুধু যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে না। সামগ্রিকভাবে বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্যই আমাদের এই আন্দোলন। আন্দোলনের পর ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে। আমরা বাংলা চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। ফিল্মে সরকারি পৃষ্ঠপোষকতা আশা করছি।”
যৌথ প্রযোজনার চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী নির্বাচনে বৈষম্য রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
বললেন, “ছবিগুলোতে দুই দেশের শিল্পী সমান থাকছে না। তবে কিছু শিল্পী থাকলেও বাংলাদেশি কলাকুশলী একেবারে নাই বললেই চলে। কলাকুশলীরা কোথায় কাজ করবে? সরকারি নীতিমালাও তো তারা মানছে না।”
কিন্তু তারপরও তো ছবিগুলো মুক্তি পাচ্ছে। এটাকে কীভাবে দেখছেন?
“সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি কিভাবে ছবিটা ছাড়লো প্রশ্নটা সেখানেও রয়েছে। বিষয়টা দর্শকরাই বিবেচনা করছে। ছবিটা আসলেই যৌথ প্রযোজনার নাকি ভারতীয়, সেটা দর্শকরাই বুঝেছে,” বলেন তিনি।
