২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি প্রতি ১২ কোটি দর হাঁকাচ্ছেন দীপিকা?

এ মুহূর্তে বলিউডের শীর্ষ আয়ের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘পদ্মাবতী’র জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক ঘরে তোলার পর ছবি প্রতি ১২ কোটি দাবি করছেন ‘পিকু’ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 09:59 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

ক’দিন আগেই ফোর্বস পত্রিকার জরিপে বিশ্বের শীর্ষ আয়ের অভিনেত্রীর তালিকায় উঠে এসেছিলো দীপিকার নাম। হলিউডের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’য়ে ভিন ডিসেলের বিপরীতে ছক্কা হাঁকিয়ে জায়গা করে নিয়েছেন এ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতেও। সামনেই মুক্তি পাচ্ছে তার বলিউড সিনেমা ‘পদ্মাবতী’। শোনা গেছে এ ছবির জন্য ১২ কোটি ৬৫ লাখ রুপি ঘরে তুলেছেন তিনি!

মুম্বাই মিরর বলছে, দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি একটি ছবির জন্য ১০ কোটির উপরে পারিশ্রমিক পেয়েছেন। ২০১৩ সালের সিনেমা ‘রাম-লীলা’র জন্য ১ কোটি রুপি পেয়েছিলেন দীপিকা। দু’বছরের ব্যবধানেই ‘বাজিরাও মাস্তানি’র জন্য ঘরে তুলেছেন ৭ কোটি রুপি। সে অঙ্কটাই এবারে দাঁড়িয়েছে ১২ কোটির উপরে!

বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে, সম্প্রতি তিন খানের কোনো একজনের বিপরীতে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছিলো দীপিকাকে। এ সময় প্রযোজকের কাছে নাকি ১২ কোটি পারিশ্রমিক দাবি করেছেন দীপিকা। কিন্তু দুই নায়িকার এ সিনেমার জন্য এত বাজেট ছিলো না ওই প্রযোজকের। তাই পারিশ্রমিক কমাতে দীপিকাকে অনুরোধ করেন তিনি। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে নাকি একচুলও ছাড় দিতে রাজি হননি ‘পদ্মাবতী” অভিনেত্রী।

সঞ্জয়লীলা বনসালী’র ‘পদ্মাবতী’তে রানী পদ্মিনী’র চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এতে গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং ও শহীদ কাপুর। ১৭ নভেম্বর মুক্তির কথা রয়েছে এ ছবিটির।