এমা স্টোনের জন্য পারিশ্রমিক কমিয়েছিলেন তার সহঅভিনেতা
হলিউডে চলমান পারিশ্রমিক বৈষম্য নিয়ে এবারে মুখ খুললেন ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী এমা স্টোন।
চলতি বছর সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার ঘরে তুলেছেন এমা স্টোন। সামনেই তাকে দেখা যাবে স্টিভ ক্যারেল’য়ের বিপরীতে ‘ব্যাটেল অফ সেক্সেস’ সিনেমায়। এতে টেনিস খেলোয়াড় বিলি জিন কিং’য়ের চরিত্রে দেখা যাবে তাকে। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানালেন, সম্প্রতি পারিশ্রমিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তার সঙ্গে একই পারিশ্রমিকে কাজ করেছন এক সহঅভিনেতা।
দ্য গার্ডিয়ান বলছে, পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতেই এ কাজটি করেছেন ওই অভিনেতা। তবে সহঅভিনেতাটির নাম প্রকাশ করেনি এমা স্টোন। সাক্ষাতকারে ‘ইজি এ’ তারকা এমা বলেন, “আমার অভিনয় জীবনে এমন ঘটনা এই প্রথম। সম্প্রতি সিনেমায় আমার সমান পারিশ্রমিকে কাজ করবে বলে বাড়তি পারিশ্রমিক নেননি আমার এক পুরুষ সহকর্মী। আমার মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তিনি মনে করেছেন যে অভিনয়শিল্পী হিসেবে আমাদের দুজনেরই সমান পারিশ্রমিক প্রাপ্য। তাই সে তার পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে আমার সমান করে ফেলেছিলেন।”
এমা আরও বলেন, “আমার মনে হয় এখন সময় এসেছে এ বিষয়টি নিয়ে ভাবার। একই রকম পরিশ্রম করে কেবল নারী বলেই আমাদের পুরুষ সহকর্মীদের চেয়ে কম পারিশ্রমিক দেয়া এটা যুক্তিহীন, অন্যায়।”
এমা স্টোনই প্রথম নন। এর আগে হলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে সোচ্চার হতে দেখা গেছে ক্রিস্টন স্টুয়ার্ট, অ্যামি অ্যাডামস ও জেনিফার লরেন্সের মতো তারকাদের।
