২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে আলোড়ন তুলেছে ‘আমার ইচ্ছে কোথায়’

ইমরান-মৌমিতার ‘আমার ইচ্ছে কোথায়’ শিরোনামে মিউজিক ভিডিওটি মাত্র ১২ দিনের ব্যবধানে ভিউ হয়েছে ৫ লাখ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 09:15 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

জমে উঠেছে হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কলকাতার মডেল মৌমিতা হরির অনস্ক্রিণ রসায়ণ। তাদের ‘আমার ইচ্ছে কোথায়’ শিরোনামের মিউজিক ভিডিওটি আলোড়ন তুলেছে ইউটিউবে। চক্রবৃদ্ধি হারে বাড়ছে ভিউ। ইমরানের দুর্দান্ত গায়কীর সঙ্গে মৌমিতার সাবলীল অভিনয় মুগ্ধ করেছেন দর্শকদের। অন্তর্জালে প্রকাশের মাত্র ১২ দিনের মাথায় ৫ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন গানটি।

দর্শকদের এই ভালোবাসায় মুগ্ধ গানের কলাকুশলীরা। মুঠি মুঠি ভালোবাসা ঢাকা ছাপিয়ে কলকাতায় বসেও অনুভব করছেন মডেল মৌমিতা হরি।

গ্লিটজকে জানালেন, ‘‘খুব ভালো লাগছে যে দর্শকরা খুব ভালো ভাবে গানটা গ্রহণ করেছে। সবার থেকে পজেটিভ ফিডব্যাক পাচ্ছি। আমার আর ইমরানের অনস্ক্রিণ কেমিস্ট্রি নিয়েও খুব ভালো রেসপন্স পাচ্ছি। চন্দন দা’র ডিরেকশন নিয়ে তো কিছু বলার নাই। ইমরানের অন্য সব গান থেকে এই গানটা বেশ ডিফারেন্ট। এটা মূলত কথা প্রধান গান।’’

মৌমিতা আশা রাখছেন, ‘‘কিছুদিনের মধ্যে ৫০ লাখ ছড়িয়ে যাক গানটি।’’

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে ঈদ উপলক্ষে গানটি প্রকাশ করা হয়েছিলো। এটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানের সুর ও কম্পোজিশন ইমরানের নিজের।