দুই বছরে পা রাখলো শহীদ-মিরার সংসার
দু’বছর আগে লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে বসেন শহীদ কাপুর। পরিবারের পছন্দে মিডিয়া জগতের বাইরের একজনকে জীবনসঙ্গী বেছে নেয়ায় সে সময় বেশ অবাকই হয়েছিলেন শহীদ ভক্তরা। ৭ জুলাই পূর্ণ হলো শহীদ-মিরার বিবাহিত জীবনের দুই বছর। বিবাহবার্ষিকীতে জেনে নিন এ তারকার বিয়ে ও দাম্পত্যের মজার কিছু তথ্য।
এক সময় বলিউডের জনপ্রিয় জুটি হিসাবে খবরের শিরোনাম হয়েছিলেন কারিনা কাপুর ও শহীদ কাপুর। ‘যব উই মেট’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘চুপ চুপ কে’ সহ বেশ কিছু সাড়াজাগানো সিনেমায় জুটি বেঁধে অভিনয়ও করেন তারা। পরবর্তীতে তাদের এ প্রেম ভেঙে গেলে গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে শহীদ জানিয়েছিলেন, বিনোদন জগতের বাইরের কোনো নারীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তিনি। ৭ জুলাই, ২০১৫’তে প্রমাণ মেলে সে কথারই। পারিবারিক পছন্দে ৩৪ বছর বয়েসি শহীদ বিয়ে করেন ২১ বছরের তরুনী মিরা রাজপুতকে। তবে বয়সের ব্যবধান তাদের প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। এ মুহূর্তে বলিউডের সর্বাধিক জনপ্রিয় দম্পতি হিসেবেই পরিচিত তারা।
প্রেমের বিয়ে না হলেও মিরার সান্নিধ্যে বরাবরই প্রেমময় ও দায়িত্ববান স্বামী হিসেবেই দেখা গেছে বলিউডের ‘চকলেট বয়’ খ্যাত অভিনেতা শহীদ কাপুরকে।সর্বশেষ বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবিতে দেখা গেছে শহীদকে। সামনেই সঞ্জয়লীলা বনসালীর ‘পদ্মাবতী’তে দেখা যাবে তাকে।
