২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মঞ্চে মাসুম রেজার  ‘সুরগাঁও’

ঢাকার দুই মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে মাসুম রেজা নির্দেশিত নাটক সুরগাঁও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 06:06 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

দেশনাটকের ২২তম প্রযোজনা  ‘সুরগাঁও’। মাসুম রেজার রচনা ও নির্দেশনায় দু’মাস বিরতিতে ফের মঞ্চায়নে আসছে সাম্প্রতিক সময়ের আলোচিত নাটকটি। আাগামী ১৫ জুলাই শনিবার রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে ও ১৬ জুলাই সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমি মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি।

নাটকটি প্রসঙ্গে মাসুম রেজা গ্লিটজকে বলেন, “সুরগাঁওকে আমি বলি মগজবাস্তবতার গ্রাম। একজন লেখকের মগজের যে বাস্তবতা সেই গ্রাম এ নাটকে উঠে এসেছে। এখানে অতীত, বর্তমান ও ভবিষ্যত একই সরলরেখায় এসে মিলিত হয়। সময়কে এখানে বিবেচনা করা হয় না। নাটকে ১৮০ বছরের এক বৃদ্ধ ফিরে আসেন এই গ্রামে। আবার আরও একজন ভবিষ্যতদ্রষ্টা আছেন যিনি ভবিষ্যতের একবছরকে দেখতে পান এরকম একটি গ্রাম হচ্ছে সুরগাঁও। যেখানে একজন বাঁশিবুড়ি বিভিন্ন ধরণের অপরাধীদেরকে নিয়ে এসে বাঁশি শেখান। তাদের মন থেকে অসুর দূর করে সুর প্রতিষ্ঠা করেন। এরকমই একটি গ্রাম নিয়ে আমার নাটক  ‘সুরগাঁও’।”

মাসুম রেজা জানান, সুরগাঁও ছাড়াও তার  ‘নিত্যপুরাণ’ নাটকটি নতুন করে মঞ্চে আনছেন তিনি। টিভিপর্দার একঝাঁক পরিচিতমুখ থাকছে নাটকটিতে।  সর্বশেষ ২০০০ সালে নাটকটি মঞ্চস্থ হয়েছিলো।

মঞ্চে তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হল, নাট্যকেন্দ্রের ‘আরজ চরিতামৃত’, থিয়েটার বেইলী রোড-এর ‘কুহকজাল’, থিয়েটার সেন্টার-এর ‘শামুকবাস’, পদাতিক নাট্যসংসদের ‘জলবালিকা’।