২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকা ও সাংবাদিকের রসায়ন নিয়ে  ‘রঙিন পাতা’

বিনোদন সাংবাদিক ও তারকাদের পেশাগত সম্পর্কের রসায়ন নিয়ে নির্মিত হয়েছে টিভি অনুষ্ঠান  ‘রঙিন পাতা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 05:44 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

আগামী রোববার থেকে এনটিভিতে প্রচার শুরু হচ্ছে বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান  ‘রঙিন পাতা’। প্রতি সপ্তাহের রোববার রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। যেখানে একজন তারকা বিনোদন সাংবাদিক ও বিভিন্ন অঙ্গনের একজন তারকা শিল্পী অতিথি হয়ে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।

অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা অনুষ্ঠানটি প্রসঙ্গে বলেন, “কাজ ও কাজের বাইরে সাংবাদিকের সঙ্গে শিল্পীদের সম্পর্ক কেমন, সেই বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটির মাধ্যমে সাংবাদিক ও তারকা শিল্পীদের আড্ডার মধ্য দিয়ে মিডিয়া জগতের অনেক জানা ও অজানা গল্প জানতে পারবেন দর্শক। এ ছাড়া একজন সাংবাদিক কীভাবে খবর সংগ্রহ করেন, একজন শিল্পী তারকা হওয়ার পেছনের পত্রিকার বিনোদন পাতার গুরুত্ব কতখানি থাকে, সেগুলোও অনুষ্ঠানে তুলে ধরা হবে।”

তিনি জানান, অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও সাংবাদিক আদর রহমান।  অনুষ্ঠানে অতিথি তাহসান খান জানাবেন, পত্রিকায় তাঁর প্রথম ছবি ও সাক্ষাৎকার কবে ছাপানো হয়েছে, সেই দিনের অনুভূতিসহ আরো অনেক অজানা গল্প। এদিকে, আদর রহমান তাঁর সাংবাদিকতার শুরুর গল্প ও তাহসান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার নানা গল্প অনুষ্ঠানে জানাবেন।

আগামী ৮ জুলাই রোববার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।