‘ভারতীয় স্পাইডারম্যান’ হতে চান টম হল্যান্ড
ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ডকে শিগগিরই দেখা যাবে নতুন স্পাইডারম্যান হিসেবে পর্দা কাঁপাতে। এবারে তিনি বললেন, স্পাইডারম্যানের ভারতীয় সংস্করণেও অভিনয় ককরতে আপত্তি নেই তার!
‘স্পাইডারম্যান : হোমকামিং’-এর মধ্য দিয়ে বড়পর্দায় স্পাইডারম্যান হিসেবে অভিষেক ঘটবে টম হল্যান্ড-এর। মাত্র ২১ বছর বয়সের এই তরুণ এবার জানতে পারলেন পশ্চিমা অবতারের পাশাপাশি স্পাইডারম্যানের রয়েছে একটি ভারতীয় সংস্করণও!
ভারতীয় কৌতুকাভিনেতা সাহিল শাহ্’র সঙ্গে সাক্ষাতে এমনটা জানতে পারেন হল্যান্ড। জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সনি ইন্ডিয়ার ‘স্পাইডারম্যান-হোমকামিং’-এর একটি প্রচার অনুষ্ঠানে সাহিল হল্যান্ডকে দেখান ২০০৪ সালের স্পাইডারম্যান কমিক্সের একটি কপি। মার্ভেল এবং ভারতের গথাম কমিক্সের উদ্যোগে যেখানে ‘ভারতীয়’ এক স্পাইডারম্যানকে দেখা গেছে ধুতি পরা অবস্থায়!
সাহিল হল্যান্ডকে স্পাইডারম্যান নিয়ে তৈরি হওয়া একটি হিন্দি গানও গেয়ে শোনান। যার প্রথম কলি হলো এমন- ‘ইস্পাইডারম্যান, ইস্পাইডারম্যান, তুনে চুরায়া মেরা দিলকা চ্যাইন’!
সাহিলের সঙ্গে গানটি গাইতে হল্যান্ড বলে ওঠেন, “আমি ভারতীয় স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করতে চাই। তবে আমার মনে হয় একজন ভারতীয় অভিনেতারই উচিৎ হবে এই চরিত্রে অভিনয় করা। আমি অবশ্যই ভারতীয় স্পাইডারম্যানের কমিকগুলো পড়বো!”
‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ দিয়ে পর্দায় প্রথমবারের মতো স্পাইডারম্যানের চরিত্রে দেখা গেছে হল্যান্ডকে। তবে অ্যাভেঞ্জারদের আড়ালে অনেকটা ঢাকাই পড়ে যায় তার চরিত্রটি। এবার তাই নিজের একক সিনেমার জন্য মুখিয়ে আছেন তিনি, এমনটাই জানালেন হল্যান্ড।
তিনি বলেন, “সিনেমাটি মুক্তির জন্য তর সইছে না আমার। এতো দারুণ দারুণ সব অভিজ্ঞতা হয়েছে স্পাইডারম্যানের মাধ্যমে আমার, যে কী বলবো! সবচেয়ে ভালো বিষয়টা হলো, এর সবকিছুই আমি আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে মিলে উপভোগ করতে পেরেছি। আমাকে একা কিছু করতে হয়নি।”
‘স্পাইডারম্যান : হোমকামিং’-এর পর হল্যান্ডকে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’য়েও।
