প্রভাসের ‘সাহো’র নায়িকা আনুশকা শেঠি
‘বাহুবলী টু’য়ের পর এবার ‘সাহো’তেও প্রভাসের নায়িকা হচ্ছেন আনুশকা শেঠি।
‘বাহুবলী’ সিরিজের মাধ্যমে ভারতসহ বহির্বিশ্বের দর্শকদের নজরে এসেছেন প্রভাস-আনুশকা জুটি। বিশেষ করে ‘বাহুবলী টু’তে অমরেন্দ্র প্রতাপের স্ত্রীর ভূমিকায় কুন্তলের রাজকন্যা দেবসেনার চরিত্রে সবার মন জিতে নিয়েছেন দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি।
তবে প্রভাসের বিপরীতে আনুশকার জুটি কিন্তু এই প্রথম নয়। এর আগেও ‘মিরচি’ এবং ‘বিল্লা’ নামের আরও দুটি সুপারহিট সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। দক্ষিণে এই জুটির প্রেম নিয়ে ছড়িয়েছে রসালো সব গুজবও।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, পঞ্চমবারের মতো পর্দায় ঝড় তুলতে ‘সাহো’তে প্রভাসের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা। বেশ কিছুদিন ধরেই গুজবটি শোনা যাচ্ছিল, এবার পাওয়া গেল সত্যতা।
এদিকে শোনা যাচ্ছে, ‘বাহুবলী’র হিন্দি সংস্করণের প্রযোজক করণ জোহরের হাত ধরে বলিউডেও অভিষেক ঘটতে যাচ্ছে প্রভাসের।
সুজিতের নির্দেশনায় ‘সাহো’ হতে যাচ্ছে একটি অ্যাকশন থ্রিলার ছবি। এতে প্রভাস ও আনুশকা শেঠির পাশপাশি অভিনয় করছেন নীল নিতিন মুকেশও। ২০১৮’র ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
