ফ্রান্সের জাদুঘরে রণবীরের মোমের মূর্তি
একদিন বাদেই ৩২ বছরে পা রাখবেন ‘লুটেরা’ অভিনেতা রণবীর সিং। জন্মদিনের একদিন আগেই টু্ইটারে জানালেন ফ্রান্সের জাদুঘরে স্থান পাচ্ছে তার মোমের মূর্তি।
সামনেই দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘পদ্মাবতী’ সিনেমায় দেখা যাবে রণবীর সিং’কে। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বরাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হওয়া এ অভিনেতা অল্প সময়ের মধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন ভারতীয় সিনেমা ইন্ড্রাস্ট্রিতে। এবারে প্যারিসের গ্রেভিন জাদুঘরে শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মতো তারকাদের পাশে জায়গা করে নিতে যাচ্ছে রণবীরের মোমের মূর্তি।
সম্প্রতি রণবীরের টুইটার পেইজে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে মূর্তি তৈরির জন্য রণবীরের শরীরের মাপ নিচ্ছেন ভাস্কর এরিক সেইন্ট চ্যাফরি ও জাদুঘর কর্তৃপক্ষ। এ জাদুঘরে রয়েছে সেলিন ডিওন, লিওনার্দো ডি’ক্যাপ্রিও ও অ্যাঞ্জেলিনা জোলি’র মতো তারকাদের মোমের মূর্তি।
