জি গোল্ড অ্যাওয়ার্ডে সেরা মৌনী রায়
দশম জি গোল্ড অ্যাওয়ার্ডের আসরে বর্ষসেরা মুখ ও সেরা জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন টিভি অভিনেত্রী মৌনী রায়।
মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ৪ জুলাই অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ভারতীয় টিভি জগতের পরিচিত সব মুখ। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এই তারকারা নাচে গানে মাতিয়ে তোলেন মঙ্গলবার সন্ধ্যার ওই আয়োজন।
অনুষ্ঠানে ‘নাগিন’ সিরিজের জন্য সেরার দুটি পুরস্কার ঘরে তোলেন মৌনী। একই সিরিজের আদা খান নির্বাচিত হয়েছেন সেরা খলনায়িকার পুরস্কারে। তার সঙ্গে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ‘উও আপনা সা’র অভিনেত্রী রিদ্ধি ডোগরা। এই বিভাগের সেরা খলনায়ক নির্বাচিত হয়েছেন ‘গুলাম’-এর বিকাশ মানাকটালা।
জনপ্রিয়তার নিরিখে সেরা খলনায়িকা নির্বাচিত হয়েছেন ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র অনিতা হাসনান্দানি। এই সিরিজের করণ প্যাটেল নির্বাচিত হয়েছেন সেরা অভিনেতার পুরস্কারে। সমালোচকের দৃষ্টিতে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন এই সিরিজের দিব্যাঙ্কা ত্রিপাঠী। সেরা জুটি হিসেবেও নির্বাচিত হয়েছেন এই দুইজন।
জনপ্রিয়তার নিরিখে পার্শ্ব চরিত্রের সেরা অভিনয়শিল্পী হয়েছেন ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’র পারুল চৌহান। সমালোচকের দৃষ্টিতে এই পুরস্কার পেয়েছেন প্রাচী শাহ, ‘স্বাভিমান’ সিরিজটির জন্য।
