২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিপুণের সমালোচনার জবাব দিলেন শাকিব

ফেসবুক পোস্টে ঢালিউড সুপারস্টারের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে ধরেন ঢালিউডের  চিত্রনায়িকা নিপুণ। জবাবে শাকিব বলেন, আলোচনায় আসার জন্যই আমার সমালোচনা করেছেন তিনি।নিপুণ নাকি শাকিবের সাক্ষাতকার ভালোভাবে শোনেনইনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 08:47 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

চিত্রনায়িকা নিপুণের বাক্যবাণে জর্জরিত শাকিব। বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন শাকিবের প্রতি। শুধু কি তাই? বয়োজেষ্ঠদের অসম্মান, নিজের অবস্থান টিকিয়ে রাখতে চলচ্চিত্রে পাইরেসির অভিযোগসহ নায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন এ নায়িকা। নিপুণের ক্ষোভের সূত্রপাত টেলিভিশনে দেয়া শাকিব খানের এক সাক্ষাৎকার।

কিন্তু শাকিব খান বলছেন, নিপুণ নাকি সেই সাক্ষাতকার ভালোভাবে শোনেনইনি। অন্য শিল্পীদের অসম্মান দুইবারের নির্বাচিত শিল্পী সমিতির সভাপতির কাজ নয়। মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন করে জন্ম নেওয়া নানা বিতর্কের জবাব দিতে এলেন নায়ক শাকিব।

নিপুণের প্রসঙ্গে শাকিব বলেন, “আলোচনায় আসার জন্যই আমার সমালোচনা করেছেন তিনি। পড়াশোনা করে তিনি কিছুই করতে পারেননি। আর আমি তো ছবি নিয়ে সারা বিশ্বে ঘুরছি। যোগ্যতা না থাকলে কি পারতাম? কেউ যদি কোনও ভুল ইনফরমেশন নিয়ে কাউকে কটূক্তি করেন, মূলত সেই লোকটিই ছোট হয়। আমি দুই দুইবার শিল্পী সমিতির সভাপতি ছিলাম। আমি চাইব না, আমাদের কোনও শিল্পী ছোট হন।”

এদিকে, নায়ককে বয়কট করেছে এফডিসিকেন্দ্রিক চলচ্চিত্রের ১৬ সংগঠন, এ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। শাকিব বলেন, “১৬টি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে, তাতে আমার কিছু যায় আসে না। এতে যেমন আমার ছবি মুক্তিতেও কোনো সমস্যা হবে না, তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না।”

সবমিলে, সমালোচকদের কথাও আমলে নিচ্ছেন না শাকিব। তাদের কথা না ভেবে নিজের কাজই করতে চান। শাকিবের ভাষ্যে, “আমি কাজ করি দর্শকের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আমি কাজ করি আমার জন্য। তাই কে কী বললো, তাতে আমি কিছু ভাবি না বা পরোয়া করি না। আগেও করিনি, এখনও করি না; ভবিষ্যতেও করবো না।”

পুরনো খবর:

বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দিন, শাকিবকে নিপুণ