২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন কুয়েন্টিন টারান্টিনো

মার্কিন নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো বসতে চলেছেন বিয়ের পিড়িতে। দীর্ঘদিনের প্রেমিকা ড্যানিয়েলা পিকের সঙ্গে আংটি বদল করেছেন এই ‘পাল্প ফিকশন’ নির্মাতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 09:17 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে টারান্টিনোর নিজেস্ব সিনেমা হল নিউ বেভারলি সিনেমা। শুক্রবার টুইটারে প্রতিষ্ঠানটির তরফ থেকে ঘোষণা দেওয়া হয় এই আংটি বদলের।

৩৩ বছর বয়সী ড্যানিয়েলা ইসরায়েলি সংগীতজ্ঞ সভিকা পিক-এর কন্যা। ২০০৯ সালে ইসরায়েলে নিজের সিনেমা ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর প্রচার চালাতে গিয়ে ড্যানিয়েলার দেখা পান টারান্টিনো। এরপর থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটকে ড্যানিয়েলা বলেছেন, “এটা সত্যি। আমরা খুবই উচ্ছসিত।”

বিশ্বের প্রথম সারির নির্মাতাদের একজন হিসেবে পরিচিত কুয়েন্টিন টারান্টিনো সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য দুইবার অস্কার জিতেছেন। তার ১৯৯৪ সালের সিনেমা ‘পাল্প ফিকশন’ সেরা সিনেমার বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিল, কিন্তু টম হ্যাঙ্কস-এর ‘ফরেস্ট গাম্প’-এর কাছে শেষ পর্যন্ত হেরে যায় এটি।

তিন দশক ধরে সিনেমা নির্মাণ করে আসা টারান্টিনো সম্প্রতি ঘোষণা দিয়েছেন অবসরের। বলেছেন, ক্যারিয়ারের দশম সিনেমা, অর্থাৎ আর দুটি সিনেমা পরেই রূপালি পর্দাকে বিদায় জানাবেন তিনি।