২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবের ‘চ্যাম্প’ আসছে বাংলাদেশেও

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় এবার মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক দেব অভিনীত পশ্চিমবঙ্গের ‘চ্যাম্প’ ছবিটি। বিনিময়ে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ‘মাস্তানি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 07:13 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

এর আগে বাংলাদেশের বড়পর্দায় দেখা গেছে জিৎ, সোহম, অঙ্কুশদের মতো টালিতারকাদের ছবি। এবার সেই কাতারে যোগ দিলেও দেবও।

সাফটা চুক্তির আওয়াতায় বাংলাদেশ ও কলকাতায় চলচ্চিত্র মুক্তির প্রক্রিয়া নিয়ে অসংখ্য সমালোচনা মাথায় নিয়েই নতুন ছবি বিনিময় হতে যাচ্ছে। এবার টলিউড সুপারস্টার দেব অভিনীত ‘চ্যাম্প’ এর বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে কাজী মারুফ অভিনীত ‘মাস্তানী’।

তথ্যটি নিশ্চিত করে ‘চ্যাম্প’ আমদানীকারক তিতাস কথাচিত্রেরর কর্ণধার আবুল কালাম জানিয়েছেন, “চ্যাম্প মুক্তির বিষয়টি তথ্যমন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। আশা করছি আগামী মাসেই ছবিটি হলে মুক্তি দিতে পারবো। ছবিটি বাংলাদেশে পরিবেশন করছে জাজ মাল্টিমিডিয়া।”

ঈদে দেশের সিনেমাহলগুলোর ১১২টি হল দখলে নিয়েছে জিৎ অভিনীত বিতর্কিত ‘বস টু’। অন্যদিকে ঈদের ছবি হিসেবেই কলকাতায় মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প। ঈদের পরপরই বড়পর্দায় আসছে দেব অভিনীত ছবিটি। ছবিটির বিনিময়ে কলকাতায় মুক্তি পাচ্ছে কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত ‘মাস্তানী’। ছবিটি গতবছর দেশের বড়পর্দায় মুক্তি পায়।

এর আগে গেল ১৭ মার্চ তিতাস কথাচিত্র বাংলাদেশে মুক্তি দেয় কলকাতার ছবি ‘তোমাকে চাই’। বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘তোমাকে চাই’ ছবিটি মুক্তি পাওয়ায় কলকাতায় মুক্তি পেয়েছিল শাকিব, অপু ও ববি অভিনীত ‘রাজাবাবু’।

সাফটা চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো বাংলাদেশে প্রচুর হল ও প্রচারণা পেলেও বাংলাদেশের ছবিগুলো কলকাতায় মুক্তি পাচ্ছে নাম মাত্র হলে। প্রচার প্রচারণারও বালাই নেই। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের বড়পর্দায় কলকাতার বাজার তৈরি করতেই এই প্রতারণামূলক ছবি বিনিময় চলছে।