২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ. আর. রাহমান প্রতিভা বের করে আনতে জানেন’

অস্কারজয়ী সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক এ.আর. রাহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বললেন তার দীর্ঘদিনের সহকর্মী আনন্দ শিবমনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 09:58 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে শিবমনি বলেন, “এ.আর. রাহমানকে চিনি অনেক বছর ধরে। তার সংগীত ক্যারিয়ার শুরুর সময় থেকেই তার সঙ্গে কাজ করে আসছি। তাই আমরা দু’জন ভালো বন্ধু। সে আমার ভাইয়ের মতো।” বেশ কিছু সাড়াজাগানো সিনেমায় এ.আর. রাহমানের সঙ্গে কাজ করেছেন শিবমনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘বোম্বে’, ‘কাদাল দেশম’, ‘বোম্বে ড্রিমস’ ইত্যাদি।

এ. আর. রাহমানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে শিবমনি বলেন, “আমি যখন কাজ করি তখন তিনি পূর্ণ স্বাধীনতা দেন। তার সঙ্গে বিভিন্ন গানে ঘট ও অন্যান্য যন্ত্রাংশ বাজানোর কাজ করেছি আমি। তিনি কখনোই বাজানোর মাঝখানে কিছু বলেন না। পুরো রেকর্ডিংয়ের কাজ শেষ হলে তিনি সেগুলো শোনেন। এরপর সেখান থেকে যেটা তার ভালো লাগে সেটা বাছাই করে নেন।”

শিবমনি আরও বলেন,“এ. আর. রাহমান প্রতিভা বের করে আনতে জানেন। তিনি জানেন কীভাবে একজনের ভেতর থেকে তার সবচেয়ে ভালোটুকু বের করে আনতে হয়। এ জন্যই তার সঙ্গে কাজ করে আনন্দ পাই। তার মতো এমন বড় মাপের তারকার সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার।”