২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ান্ডার ওম্যান-টু’ নিয়ে কি ভাবছেন নির্মাতা?

এ মুহূর্তে ‘ওয়ান্ডার ওম্যান’ বিস্ময়ে মাতোয়ারা হলিউড প্রেমীরা। ওয়ান্ডার ওম্যান ওরফে ডিয়ানা প্রিন্সের দুর্দান্ত পর্দা উপস্থিতি জয় করে নিয়েছে ‘সুপারহিরো’ সিনেপ্রেমীদের মন। সমালোচকদের দৃষ্টিতে সর্বকালের সেরা সুপারহিরো সিনেমা হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে গ্যাল গ্যাডট অভিনীত এ সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 08:49 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

সুপারহিরো সিনেমা মানেই ব্যাটম্যান ও সুপারম্যানদের মতো মক্তিশালী পুরুষ চরিত্রগুলোর কথাই মনে পড়বে সবার। এর আগে সুপারহিরো সিনেমাগুলোতে পার্শ্ব-চরিত্রে কিছু গুরুত্বপূর্ণ নারী চরিত্র রাখা হলেও ‘ওয়ান্ডার ওম্যান’ই প্রথম কোনো নারী প্রধান সুপারহিরো সিনেমা। বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করা এ ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে ভক্তদের মধ্যে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ক’দিন আগে এক টুইট পোস্টে ‘ওয়ান্ডার ওম্যান’ পরিচালক প্যাটি জেনকিন্স জানান, এরই মধ্যে ‘ওয়ান্ডার ওম্যান-টু’ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন তিনি। মূল চরিত্রে গ্যাল গ্যাডটকেই রাখা হবে এবং ওয়ান্ডার ওম্যানের পরবর্তী গন্তব্য হবে আমেরিকা- এমনটাই জানিয়েছেন তিনি।

প্যাটি জেনকিন্সের এ পোস্টের পর ‘ওয়ান্ডার ওম্যান-টু’ নিয়ে ভক্তদের আগ্রহ যখন তুঙ্গে ঠিক তখনই আবার নতুন আরেকটি টুইটে ভিন্ন কথা বললেন তিনি। সম্প্রতি লেখা ওই পোস্টটিতে জেনকিন্স লিখেছেন, “আপনাদের আগ্রহ ও উৎসাহ দেখে খুবই ভালো লাগছে। তবে ‘ওয়ান্ডার ওম্যান’য়ের সিক্যুয়াল নিয়ে এখনই কিছু ভাবছি না। আমার মনে হচ্ছে এখনই এটা নিয়ে ভাবার সময় আসেনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করার কথা ভাবছি।”

২ জুন মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে ৬৬ কোটির উপরে ব্যবসা করেছে ‘ওয়ান্ডার ওম্যান’। আয়ের এ ধারা অব্যাহত থাকলে শিগগিরি অন্যতম শীর্ষ আয়ের সুপারহিরো সিনেমার কাতারে সামিল হবে এটি।