‘রাজনীতি’ দেখতে হলে গেলেন শাকিব খান
ঈদে মুক্তি পেলো দেশিয় প্রযোজনার একমাত্র ছবি ‘রাজনীতি’। শনিবার ছবিটি দেখতে সিনেমা হলে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত দুই ছবি ‘রাজনীতি’ ও ‘নবাব’। এরমধ্যে নির্মাণের অনিয়মে নানা বিতর্কে জড়িয়েছে যৌথপ্রযোজনার ‘নবাব’। কিন্তু সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়ে দর্শকদের কাছে একটু বেশিই পৌঁছাতে পেরেছে চলচ্চিত্রটি। অপরদিকে দেশিয় প্রযোজনায় নির্মিত ‘রাজনীতি’র মাধ্যমে দীর্ঘদিন পর শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসের ছবি মুক্তি পেলো। কিন্তু সংখ্যায় সবচেয়ে কম হলে মুক্তি পেয়েছে এটি। প্রদর্শনের রাজনীতিতে হারলেও দর্শকদের কাছে বৈষম্যের শিকার হয়নি শাকিব-অপুর ‘রাজনীতি’। নবাবের মতোই দর্শক উপচে পড়ছে ‘রাজনীতি’ চলচ্চিত্রটি দেখতে।
এদিকে, ছবি মুক্তির সময় লন্ডনে অন্য ছবির কাজে থাকলেও দেশে ফিরেই নিজের মুক্তিপ্রাপ্ত দুই ছবি দেখতে হলে হলে ঘুরছেন শাকিব খান। গতকাল রাজধানীর শ্যামলী সিনেপ্লেক্সে গেছেন ‘নবাব’ ছবিটি দেখতে। আর আজ গেলেন ‘রাজনীতি’ দেখতে যমুনা ব্লকবাস্টার সিনেমাসে। সন্ধ্যায় গ্লিটজকে তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি বলেন, “শাকিব খানসহ সিনেমা হলে আছি। বরাবরের মতোই হাউজফুল যাচ্ছে আজও।”
মাত্র ৩৯ হলে মুক্তি পেলেও ‘রাজনীতি’র সাফল্যে উচ্ছ্বসিত শাকিব খান। তার প্রত্যাশা, দ্বিতীয় সপ্তাহ থেকে হলের পরিমান আরও বাড়বে। যারা এখনও ‘নবাব’ ও ‘রাজনীতি’ ছবিটি দেখেননি তাদেরকে এ দুটি ছবি দেখার আমন্ত্রণ জানান তিনি।
এদিকে, দর্শকের সঙ্গে হলে বসে নিজের দুই ছবি দেখার পর শাকিব খান আজ রাতে যাচ্ছেন অপু বিশ্বাসের বাসায়। সেখানে দীর্ঘদিন পর পুত্র জয়কে দেখতে যাচ্ছেন শাকিব।
১২৫ হলে মুক্তিপ্রাপ্ত ‘নবাব’ চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। অন্যদিকে অপু বিশ্বাসের বিপরীতে শাকিব খানের ‘রাজনীতি’ চলচ্চিত্রটিতে আরও একটি মুখ্য চরিত্রে দেখা যাবে আনিসুল হক মিলনকে।
