ছুটি নেই শ্রাবণ্যর
পেশায় চিকিৎসক। নেশায় পড়েছেন উপস্থাপনার। বলছি মডেল ও উপস্থাপক শ্রাবণ্যর কথা। এবার ঈদের সাতদিনই টিভিপর্দায় উপস্থাপনায় ব্যস্ত, ছুটি নেই তার।
আজ শুক্রবার সন্ধ্যায় এশিয়ান টিভিতে অনুষ্ঠিত হলো সেলিব্রেটি আড্ডা ‘লেডিস ফার্স্ট’। তারকাবহুল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, লাক্স তারকা শানু, উপস্থাপিকা আমব্রিন, অভিনেত্রী তানিয়া হোসেন, গায়িকা কর্ণিয়া ও মডেল তানজিন তিশা, ছিলেন শ্রাবণ্যও।
তার সঙ্গে কথা যখন হচ্ছিলো তখন তিনি মেক আপ নিচ্ছেন। দেশ টিভিতে ঈদের সাতদিন প্রচার হচ্ছে লাইভ সংগীতানুষ্ঠান। প্রতিদিন রাত দশটা থেকে মধ্যরাত পর্যন্ত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। আজ গাইবেন ন্যানসি।
বললেন, “এই ঈদে বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। ঈদ উপলক্ষে কোথাও তেমন বের হওয়া হয়নি। সারাদিন বাসায়ই ছিলাম। আর সন্ধ্যা হলেই অনুষ্ঠানের সেটে। এবারের ঈদ তাই উপস্থাপনাতেই এনজয় করছি। সাধারণত এ ধরণের অনুষ্ঠান বছরের অন্যসময় করি না আমি। ঈদের সময় করছি কেননা এ সময়টায় দর্শকের সঙ্গে যোগাযোগটা একটু বেশিই হয়।”
ঈদের প্রথম দু’দিন এনটিভির ‘খেলা খেলা সারাবেলা’ শিরোনামের অনুষ্ঠানে শ্রাবণ্য হাজির হয়েছিলেন দুই ক্রিকেটার সৌম্য সরকার ও তাসকিনের সঙ্গে জনপ্রিয় দুই ক্রিকেট উপস্থাপিকা মারিয়া নূর ও আমব্রিনকে সঙ্গে নিয়ে। অনুষ্ঠানটি বেশ আলোচিত হয়েছে দর্শকদের মাঝে।
বললেন, “খুব উপভোগ করেছি দু’দিনের সেই আড্ডা। সবাই মিলে গল্পের ছলেই অনুষ্ঠানটা করেছি।”
বিটিভিতেও দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এরমধ্যে ব্যান্ড সংগীত নিয়ে অনুষ্ঠান ‘রক কার্ণিভাল’-এ খুব ভালো রেসপন্স পেয়েছেন শ্রাবন্য।
সব মিলে এই ঈদে নিজের জন্য ছুটি মিলছে না তার। শ্রাবণ্যের ভাষ্যে, “উপস্থাপনা নিয়েই থাকতে চাই। খুব উপভোগ করছি। এক ঈদে এতগুলো অনুষ্ঠান উপস্থাপনা করেছি এটা খুবই আনন্দের। তবে ঈদ খুব একটা উদযাপন করা যায়নি। আমার ঈদ উদযাপন হবে ঈদের পর। যাচ্ছি দেশের বাইরে..”
