চাঁদরাতে তাহসানের বড় উপহার
নতুন চমক নিয়ে আসছেন তাহসান। নিজের নতুন গানের মডেল হয়ে ধরা দিচ্ছেন ভিন্ন এক রূপে। সিএমভির ব্যানারে চাঁদরাতে মুক্তি পাবে গানটি। তাহসান এটিকে দেখছেন তার দর্শক-শ্রোতাদের জন্য বড় এক উপহার হিসেবে।
তাহসানের কণ্ঠে মেহেদী হাসান লিমনের কথায় নাজির মাহমুদের সুরে ‘অপ্রাপ্তি’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন শাকের রেজা। আর গানটির ভিডিও নির্মাণ করছেন দেশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আলোচিত নির্মাতা ভিকি জায়েদ। গানটির মিউজিক ভিডিওতে তাহসান উপস্থিত হচ্ছেন গ্যাংস্টার হিসেবে। আর গ্যাংস্টার হিসেবে নিজেকে উপস্থাপনের জন্য তাহসানকে ধরা দিতে হয়েছে নানা রূপে।
তাহসান বলেন, “এটি আসলে সত্যিকারের মিউজিক ভিডিও হচ্ছে। এটাকে স্বল্পদৈর্ঘ্য সিনেমাও বলা যেতে পারে। কারণ, একটা গল্প বলার চেষ্টা করছি আমরা। সেই গল্পের জন্যই এত আয়োজন। বৃষ্টিতে ভেজা কিংবা বক্সিংয়ে মনোযোগী হওয়া। এতে মডেল হিসেবে আমার সঙ্গে আছেন আজমেরী আশা। আশা করছি চাঁদরাতের বড় একটি উপহার সবাইকে দিতে পারবো।”
গানটিতে তাহসানের সঙ্গে মডেল হয়েছেন আজমেরী আশা। তাদের রসায়ন ছাড়াও পাওয়া যাবে জনপ্রিয় র্যাপার ও চৌকস অভিনেতা তৌফিক আহমেদকে। মোশনরক এন্টারটেইনমেন্টের নির্মাণ সহযোগিতায় ভিডিওটি চাঁদরাতে প্রকাশ পাচ্ছে সিএমভি-র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বাংলাফ্লিক্স-এ। আর অডিও গানটি মুক্তি পাচ্ছে জিপি মিউজিক অ্যাপ-এ।
