২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের ঈদেও থাকছেন হুমায়ূন আহমেদ

টিভি পর্দায় ঈদ বিনোদন মানেই হুমায়ূনের নাটক-এ কথা এখনও সত্যি হুমায়ূন ভক্ত দর্শকের মনে। ঈদ বিনোদনে হুমায়ূনের  অনুপস্থিতির ঘাটতি পূরণ করছেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন। প্রতি ঈদেই নির্মাণ করছেন হুমায়ূনের লেখা নাটক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2017, 06:21 PM

Updated : 11 Oct 2022, 02:11 PM

এবারের ঈদেও ছোটপর্দায় থাকছে হুমায়ূনের উপস্থিতি। চ্যানেল আইতে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান’। হুমায়ূন আহমেদের এই গল্পের  চিত্রনাট্য ও পরিচালনায় মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন প্রাণ রায়, স্পর্শিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঝুনা চৌধুরী, সুভাশীষ ভৌমিক প্রমুখ।

গল্পে দেখা যাবে, গেল বছর সিনেমার নায়ক হতে চেয়েও চৌধুরী খালেকুজ্জামান পারেননি। কিন্তু সহজে দমে যাওয়ার পাত্র আমাদের চৌধুরী সাহেব নন। তার উর্বর মস্তিষ্ক আবিষ্কার করে নায়ক হওয়ার থেকে ডিরেক্টর হওয়া সহজ। এমন একটা ভাবনা নিয়ে কী আর সে বসে থাকবে? প্রচণ্ড নাটকীয়তায় যাত্রা শুরু হয় তালতলা গ্রামের নয়নের মণি চৌধুরী খালেকুজ্জামানের ডিরেক্টর হওয়ার যাত্রা।

হুমায়ূনের হিমু, মিসির আলী কিংবা শুভ্রর মতোই একটি চরিত্র চৌধুরী খালেকুজ্জামান। এর আগেও খালেকুজ্জামান চরিত্রটি নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু নাটক। বরাবরের মতোই খালেকুজ্জামান চরিত্রে অভিনয় করছেন প্রাণ রায়।

মঙ্গলবার নাটকটি প্রসঙ্গে প্রাণ রায় গ্লিটজকে বললেন, “চৌধুরী খালেকুজ্জামান হুমায়ূন আহমেদের সৃষ্ট একটি চরিত্র। তিনি বেঁচে থাকতেই এর তিনটি নাটক নির্মাণ করেছেন। তারপর তো শাওন আপা তার ধারাবাহিকতা বজায় রাখছেন। গল্পগুলো খুব ইন্টারেস্টিং । তাই প্রতিবারই আগ্রহ থাকে চরিত্রটি এবার কী করবে?”

প্রাণ রায় জানান, চৌধুরী থালেকুজ্জামান চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন হুমায়ূন। বিভিন্ন সময় আড্ডার ছলে, গল্পে খালেকুজ্জামান চরিত্রটি নিয়ে বলতেন এ জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা। তার সেই গল্পভাবনা থেকেই শাওন নির্মাণ করছেন চরিত্রটি নিয়ে নতুন নতুন গল্প।