শাহরুখের ছবির নাম রেখে পাঁচ হাজার রুপি পেলেন রনবীর!
শাহরুখ খানের নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’য়ের নাম করণের জন্য রনবীর কাপুরকে পাঁচ হাজার রুপি উপহার দিলেন কিং খান!
সামনেই আসছে শাহরুখের নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’। ইমতিয়াজ আলী পরিচালিত এ ছবির নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করে হয়েছে তর্ক-বিতর্ক। অনেকেই এ ছবিকে ১৯৮৯ সালের ছবি ‘হোয়েন হ্যারি মেট স্যালি’র সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ আবার এ নামের সঙ্গে এ পরিচালকের ‘যব ইউ মেট’ ছবির নামের মিল থাকার কথাও বলছেন।
তবে সম্প্রতি এক সাক্ষাতকারে এ নামকরণের কৃতিত্ব দাবী করে বসেন রনবীর কাপুর!
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন রনবীর। এরই ফাঁকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে রনবীর বলেন, “শাহরুখ ও ইমতিয়াজ আলীকে ‘হোয়েন হ্যারি মেট সেজাল’ নামের বুদ্ধিটা আমিই দিয়েছিলাম। তখন যদিও তারা সেটি হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ অবধি এ নামটিই তারা চূড়ান্ত করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এ জন্য শাহরুখ স্যার আমাকে কোনো পুরস্কার দিলো না!”
এ সময় রনবীর আরও বলেন, “শাহরুখ স্যার, আমি শিগগিরই আপনার বাসায় আসছি। আমার জন্য পাঁচ হাজার রুপি রেখে দিন!”
এরপর সত্যি সত্যিই শাহরুখের বাড়ি ‘মান্নাত’য়ে গিয়ে হাজির হন রনবীর! আর শাহরুখও রনবীরকে পাঁচ হাজার রুপি দেওয়ার প্রমাণ হিসেবে একটি ছবি তুলে রেখেছেন!
সম্প্রতি শাহরুখের টুইটারে প্রকাশিত এ ছবিতে দেখো গেছে, রনবীরকে বেশ কিছু টাকা দিচ্ছেন শাহরুখ। আর টাকা নিয়ে রনবীরও মজা করো পোজ দিয়েছেন ছবি তোলার জন্য।
১৪ জুলাই মুক্তি পেতে চলেছে রনবীর-ক্যাটরিনার ‘জগ্গা জাসুস’। শাহরুখ-আনুশকা নতুন ছবি ‘হোয়েন হ্যারি মেট সেজাল’ মুক্তি পাচ্ছে ৪ আগস্ট।
