২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ছেড়ে অটোরিক্সায় সালমান, ভাড়া দিলেন ২০ গুণ

দামি গাড়ির আরাম ছেড়ে অভিনেতা সালমান খান সম্প্রতি অটোরিক্সায় করে শুটিং থেকে ফিরেছেন বাড়িতে। আলোড়ন তোলা এই ঘটনার বেশকিছু ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 08:53 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

মেহবুব স্টুডিওতে কাজ শেষে বাড়ি ফেরার জন্য নিজের দামি এসইউভি’র বদলে অটোরিক্সাকেই বেছে নেন সালমান। সফর শেষে ভাড়া হিসেবে হাজার রুপির একটি নোট ধরিয়ে দেন অটোরিক্সাওয়ালাকে।

সাধারণ হিসেবে যেটুকু পথ সালমান অটোরিক্সায় ভ্রমণ করেছেন, তার ভাড়া ৫০ রুপিও হয়না। সেখানে ২০ গুণ বেশি ভাড়া পেয়ে স্বাভাবিকভাবেই অটোরিক্সার চালক আহ্লাদে আটখানা!

সালমানের অটোরিক্সায় চড়া এবং ভাড়া দেওয়ার দৃশ্যটি ঠিকই ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাজ্জিরা। সেইসব ছবি এখন ফেইসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে ভাইরাল।

মেহবুব স্টুডিওতে সালমান অবশ্য একাই ছিলেন না, ছিলেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও। রণবীর কাপুরের সঙ্গে তার পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’-এর কাজেই সেখানে গিয়েছিলেন তিনি।

যখন জানতে পারলেন, সালমানও সেখানে আছেন, তখন কাজ ফেলে তার সঙ্গে দেখা করতে চলে যান ক্যাট। সালমান ব্যস্ত থাকায় অবশ্য প্রথমবারে মেলেনি সাক্ষাত। তবে কাজ শেষে ফেরার আগে সালমান ঠিকই দেখা করেছেন ক্যাটরিনার সঙ্গে, আলিঙ্গনেও জড়িয়েছেন তাকে।

ঈদে মুক্তির প্রতীক্ষায় রয়েছে সালমান খান অভিনীত ‘টিউবলাইট’। এরইমধ্যে চলছে সিনেমাটির জোর প্রচারণা। কেবল ভারতেই নয় যুক্তরাষ্ট্রেও সিনেমাটি নিয়ে কম মাতামাতি হচ্ছে না। নিউ ইয়র্কে বড় বড় বিলবোর্ডে এখন শোভা পাচ্ছে টিউবলাইটের পোস্টার।

কবীর খানের পরিচালনায় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে ২৩ জুন।