সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তম তারকা প্রিয়াঙ্কা চোপড়া
সম্প্রতি এক জরিপে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে উঠে এসেছে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন গ্যাল গ্যাডট ও ডোয়েইন জনসনদের মতো হলিউডি তারকাদের।
টুইটার, ফেইসবুক, ইন্সটাগ্রাম- সবখানেই প্রিয়াঙ্কা চোপড়ার রয়েছে সরব উপস্থিতি। তিনটি মাধ্যমেই অসংখ্য ভক্ত অনুসরণ করেন তাকে। প্রিয়াঙ্কা নিজে তার ভক্তদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন সামাজিক যোগাযোগের মাধ্যমেই। আর তাই এই জরিপের এক নম্বর আসনটি তিনিই দখল করেছেন বলে ধারণা করছে হলিউড রিপোর্টার।
সোশাল মিডিয়া অ্যানালিস্ট প্রতিষ্ঠান এমভিপিইনডেক্স পরিচালিত এই জরিপে কেবল ফেইসবুক, টুইটার আর ইন্সটাগ্রা্মই নয়, ধরা হয়েছে ইউটিউব আর গুগলপ্লাসের মতো অনলাইন প্ল্যাটফর্মে তারকাদের জনপ্রিয়তার হিসাব।
বলিউডের অভিনেত্রী হিসেবে ভারতে প্রিয়াঙ্কা চোপড়ার বিশাল ভক্ত শ্রেণি আগে থেকেই ছিল। তবে ‘কোয়ান্টিকো’ ও ‘বেওয়াচ’-এর সুবাদে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও।
এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাতও অন্তর্জালে আলোচনার জন্ম দিয়েছে অনেক।
সেই জনপ্রিয়তা এখন এতোটাই বেশি, যে, তা ছাড়িয়ে গিয়েছে জেনিফার লোপেজ, ডোয়েইন জনসন, গ্যাল গ্যাডটদের মতো তারকাদের খ্যাতিকেও। এই তালিকায় প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ সহঅভিনেতা ডোয়েইন জনসন রয়েছেন দুই নম্বরে, গ্যাল গ্যাডট চার ও জেনিফার লোপেজ আছেন সাত নম্বরে।
এছাড়াও অভিনেতা ভিন ডিজেল রয়েছেন ৬ নম্বরে, সুপারমডেল ক্যারা ডেলেভিন রয়েছেন পাঁচ নম্বরে এবং অভিনেতা জ্যাক এফ্রন রয়েছেন তালিকার নয় নম্বরে।
